পাকিস্তানকে কানাকড়িও দেবে না ভারত!
নোটিশ পাঠিয়ে কোনো লাভ নেই। লাভ হবে না মামলা-মোকদ্দমা করলেও। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানকে কানাকড়িও দেওয়া হবে না। চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ না খেলার জন্য ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছিল পিসিবি। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন আর নিরাপত্তাগত কারণে এখন পর্যন্ত এর একটি সিরিজও হয়নি।
বিসিসিআইয়ে এন শ্রীনিবাসনের আমলে হওয়া সমঝোতা চুক্তির সময় সাক্ষী ছিলেন আইসিসিরই কর্তাব্যক্তিরা। ওই চুক্তি অনুযায়ী এত দিনে তিনটি সিরিজ হয়ে যাওয়ার কথা ছিল। যার দুটির স্বাগতিক হতো পাকিস্তান। নিজস্ব সিরিজ আয়োজনে টিভি স্বত্ব থেকেই প্রচুর আয়ের সম্ভাবনা ছিল পিসিবির। বোর্ডটির দাবি, এখন পর্যন্ত তারা ২০ থেকে ৩০ কোটি ডলারের মতো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিপূরণ হিসেবে ৬ কোটি মার্কিন ডলার দাবি করেছে পিসিবি। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই নোটিশ পাঠিয়েছে তারা।
বিসিসিআইয়ের কথা হলো, পিসিবির সঙ্গে শুধু দ্বিপাক্ষিক একটা সমঝোতা স্মারকে সই করা হয়েছিল, যার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাই কোনো সিরিজ না হলে কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় ভারত। ডেকান ক্রনিকল।