পাকিস্তানকে গুঁড়িয়ে দিলেন অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ইনিংসের তখনো ১৫ ওভার বাকি। পায়ের পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন কোরি অ্যান্ডারসন। চোট ততটা গুরুতর মনে হয়নি। দরকার হলে মাঠে আবার নামতেই পারতেন। কিন্তু সেটির যে আর দরকারই হলো না! পাকিস্তানের সর্বনাশ যা করার সেটি অ্যান্ডারসন একাই আগে করে দিয়ে গেছেন ৪২ বলে ৮২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে। ক্রিকইনফো।
পরে বল হাতে যে ৩ ওভার বোলিং করেছেন, তাতেই ১৭ রানে ২ উইকেট! চোট পেয়ে যখন মাঠ ছাড়ছেন অ্যান্ডারসন, নিউজিল্যান্ডের ১৯৬ তাড়া করতে নেমে পাকিস্তান ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে আছে। এরপর এই ম্যাচ জিততে হলে বাকি পাকিস্তানি ব্যাটসম্যানদের কাউকে অতিমানবীয় একটা ইনিংস খেলতে হতো। ওয়েলিংটনে কাল সেটা পাকিস্তানিরা করতে পারেননি। ২৩ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ১০১ রানে। ৯৫ রানে জিতে নিউজিল্যান্ড পেয়েছে রানের হিসাবে টি-টোয়েন্টিতে তাদের সবচেয়ে বড় জয়। এই সংস্করণে পাকিস্তানেরও এটি সবচেয়ে বড় হার।
হ্যামিল্টনে আগের ম্যাচেই ১০ উইকেটে জিতে উইকেটের হিসাবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছুঁয়েছিল কিউইরা। আর পরপর দুটি দুর্দান্ত জয়ে তিন ম্যাচের সিরিজটা তারা জিতে নিল ২-১ ব্যবধানে।
অ্যান্ডারসন-ঝড়টা গেছে প্রায় সব পাকিস্তানি বোলারের ওপর দিয়েই। মোহাম্মদ আমিরের ৯ বলে নিয়েছেন ২১, ওয়াহাব রিয়াজের ১৪ বলে ৩১ আর শহীদ আফ্রিদির ৭ বলে ১৩। ফিফটি করেন ২৭ বলে, পরের ১৫ বলে ৩২! টি-টোয়েন্টিতে এটি অ্যান্ডারসনের প্রথম ফিফটি। অবশ্য শুধু অ্যান্ডারসনের নাম বললে হবে না। এই বাঁহাতি তো শেষ দিকে ঝড় তুলেছেন। শুরুটা করে দিয়েছিলেন মার্টিন গাপটিল। তাঁর ১৯ বলে ৪২ রানের ইনিংসে ৬টি চার, দুটি ছক্কা। একটা ছক্কা তো গিয়ে পড়েছে ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের ছাদে!
ব্যাটিংয়ে এসে ১৫ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। ৩৬ বলে ৪১ করে সরফরাজ আহমেদই যা একটু লড়েছেন।