সারা দিনে ২৪৭ রান। এই রানের ১১৫ আবার দিনের প্রথম ও শেষ ঘণ্টাতেই করেছে পাকিস্তান। কাল দুবাই টেস্টের তৃতীয় দিনের মাঝের কয়েক ঘণ্টা পাকিস্তানি ব্যাটসম্যানরা যেন ফিরে গেলেন প্রস্তর যুগে। সর্বশেষ তিন টেস্টেই রানের ফোয়ারা ছোটানো পাকিস্তান মাঝের সময়টায় রান করল মাত্র ১৩২। এতে অবশ্য পাকিস্তানিদের ব্যর্থতার চেয়ে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের অবদানই বেশি। পাকিস্তান দিন শেষ করেছে ৬ উইকেটে ২৮১ রানে। হাতে ৪ উইকেট, কিন্তু নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১২২ রানে পিছিয়ে থেকেই দিন শেষ করেছে পাকিস্তান।
তবে দিনের প্রথম সেশনটা ছিল পাকিস্তানের। ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করা দলটি লাঞ্চের আগে আর কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় ১১৮ রান। পরের দুই ঘণ্টাতেও ক্ষতি বলতে একমাত্র ইউনিসের আউট হওয়া। সপ্তম ইনিংসে পঞ্চম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগানো ইউনিস আউট হয়েছেন ৭২ রানে। তবে ৫৭ রানের মাথায়ই চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ২০১৪ সালে হাজার রান হয়ে গেছে সাবেক পাকিস্তান অধিনায়কের। এই রানের ৬৬৮-ই গত এক মাসে করেছেন ৩৭ ছুঁই-ছুঁই ইউনিস। অবশ্য এর আগে আজহারের সঙ্গে বছরে চতুর্থ সেঞ্চুরি জুটিটাও তিনি গড়ে ফেলেছেন।
ইউনিসকে হারালেও পাকিস্তান নিরাপদেই ছিল। তবে নিউজিল্যান্ড দ্বিতীয় নতুন বল হাতে নেওয়ার পরেই বদলে যায় দৃশ্যপট। চা-বিরতির ৫ ওভার পর নতুন বল পায় কিউইরা। নতুন বলে প্রথম ওভারেই সাফল্য। চতুর্থ বলে মিসবাহকে প্রথম স্লিপে রস টেলরের ক্যাচ বানিয়ে সিরিজে প্রথম উইকেট পান ট্রেন্ট বোল্ট। ৯ ওভার পর আক্রমণে এসেই আজহারকে বোল্ড করেন লেগ স্পিনার ইশ সোধি। ২২৫ বলে ৭৫ রান করা আজহারের ইনিংসে ছিল একটি ছয়ও। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে ছক্কা মারার ৩৪৫৩ বল পর আবার ছক্কা পেলেন আজহার। এএফপি, ক্রিকইনফো।
স্কোরকার্ড
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪০৩
পাকিস্তান ১ম ইনিংস
(দ্বিতীয় দিন শেষে, ৩৪/২; আজহার ৪*, ইউনিস ১*)
রান বল ৪ ৬
আজহার ব সোধি ৭৫ ২২৫ ৬ ১
ইউনিস ক ক্রেগ ব নিশাম ৭২ ১৬০ ৭ ২
মিসবাহ ক টেলর ব বোল্ট ২৮ ৫৫ ২ ১
শফিক ক টেলর ব সাউদি ৪৪ ৭৩ ৬ ১
সরফরাজ ব্যাটিং ২৮ ৪৭ ৪ ০
ইয়াসির ব্যাটিং ১ ৫ ০ ০
অতিরিক্ত (বা ১, লেবা ২, নো ১) ৪
মোট (১০৯ ওভারে, ৬ উইকেটে) ২৮১
উইকেট পতন: ২-৩২, ৩-১৪৫, ৪-১৯৫, ৫-২২০, ৬-২৭৯।
বোলিং: বোল্ট ২২-৮-৪৬-১ (নো ১), সাউদি ২১-৩-৪১-১, ক্রেগ ২৪-৫-৯৪-১, সোধি ৩০-৭-৬৫-২, অ্যান্ডারসন ৭-০-২৬-০, নিশাম ৫-১-৬-১।