পাকিস্তানকে ছিটকে ফেলতে ইচ্ছে করে হারবে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিতে উঠতে পারবে তো পাকিস্তান? ছবি : এএফপি
সেমিতে উঠতে পারবে তো পাকিস্তান? ছবি : এএফপি
>কিছুদিন আগে সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী বলেছিলেন, পাকিস্তানকে বিশ্বকাপের সেমিতে উঠতে না দেওয়ার জন্য ভারত ইচ্ছে করে বাংলাদেশের কাছে হেরে যাবে। এবার পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাসিতের সঙ্গে সুর মেলালেন!

এমন আশঙ্কা করেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকা বাসিত আলী। এবার তাঁর সঙ্গে একমত হয়েছেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার সিকান্দার বখত। পাকিস্তান যাতে কোনোভাবেই সেমিতে উঠতে না পারে, সে জন্য প্রাণপণ চেষ্টা করে যাবে ভারত। দরকার হলে নাকি ইচ্ছে করে শেষ ম্যাচগুলোও হেরে যাবে! এমনটাই মনে করছেন সিকান্দার।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে সিকান্দার বলেছেন, ‘ভারত পাকিস্তানের সঙ্গে সব সময়ই শত্রুতা করে। আমাদের ২০১৯ বিশ্বকাপ থেকে ছিটকে ফেলতে ভারত যেকোনো কিছু করতেও পারে। ওদের একটা ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এরপর ওদের নজর থাকবে শেষ দুই ম্যাচের ওপর, যেখানে ওরা খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। ওরা যদি দেখে কাউকে জেতানোর মাধ্যমে যদি পাকিস্তান বাদ পড়ে, তাহলে ওরা এই শয়তানিটা করতে পারে। এ ধরনের কাজ ভারত করে থাকে।’

আরেক টিভি চ্যানেলকে বাসিত আলী বলেছিলেন, ‘আশা তো করতেই চাই, মানুষ আশাতেই বাঁচে। কিন্তু আমার একটা ভয় হচ্ছে, যেটা যেন সত্যি না হয়। ভয়টা হলো, পাকিস্তান সেমিফাইনালে যাক এটা ভারত কখনোই চাইবে না। ভারত পাঁচটা ম্যাচ খেলেছে। ওদের শেষ দুটি ম্যাচ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। ওদের কাছেই থাকবে নিয়ন্ত্রণ। কেউ তো আর বলবে না যে জেনেবুঝে ইচ্ছা করে হেরেছে। ওরা এমনভাবে খেলবে, কেউ বুঝতেই পারবে না কী হয়েছে।’

বিশ্বকাপে ভারত এখনো অপরাজিত, দুর্দান্ত ফর্মে আছে কোহলির দল। হাতে তিন ম্যাচ রেখেই সেমিফাইনালে যাওয়া মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। বাকি তিন ম্যাচের একটি জিতলে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে। আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ জিতলেই তাদের শেষ চার নিশ্চিত। বাসিত-সিকান্দারদের আশঙ্কা, ভারত তখনই সুযোগটা নেবে।

ভারত শুধু বৈরী মনোভাব থেকে নয়; কৌশলগত কারণেও ভারত এমনটা করতে পারে বলে মনে করেন বাসিত আলী। তার উদাহরণ দিতে গিয়ে ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ইচ্ছে করে ম্যাচ হেরেছিল বলে মন্তব্যও করেছেন বাসিত, ‘ক্রিকেট অননুমেয় খেলা কিংবা এখানে যেকোনো কিছু ঘটে যেতে পারে—এসব ফালতু কথা। ১৯৯২ সালে কী হয়েছিল? নিউজিল্যান্ড জেনেবুঝে পাকিস্তানের কাছে হেরেছিল, যেন ওরা সেমিফাইনালটা নিজেদের ভেন্যুতে খেলতে পারে। ইমরান খানকে জিজ্ঞেস করলেও সত্যিটা জানতে পারবেন।’