ঘুরে দাঁড়ানোর গল্পটার লেখা শুরু হয়েছিল আগের দিন থেকেই। দারুণ এক জয়ে কাল সেই গল্পের মধুর সমাপ্তি টানল পাকিস্তান। গল্পের শুরুটা সরফরাজ আহমেদ-আসাদ শফিকের বীরত্বগাথায়। আর শেষটায় লঙ্কাপতন হলো ইয়াসির শাহর কবজির মোচড়ে।
৭৬ রানে ৭ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসটা ধসিয়ে দিয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার। প্রথম ইনিংসে ১১৭ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অলআউট ২০৬ রানে। জিততে হলে ৪১ ওভারে করতে হবে ৯০ রান, পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই রানটা তুলে নিল মাত্র ১১.২ ওভারেই। ১০ উইকেটের জয়, তিন ম্যাচ সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
বৃষ্টি খেয়ে নিয়েছিল গল টেস্টের পুরো প্রথম দিন। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬৪ ওভার। ম্যাচটা শেষ দিনের শেষ বিকেলে শেষ হলেও তাই পাকিস্তান জিতল মাত্র সাড়ে তিন দিনেই। ৯৬ রানেই নেই পাকিস্তানের প্রথম ৫ উইকেট, সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে এই জয়। টস জিতে ফিল্ডিং নেওয়ার জুয়াতেও জিতে গেলেন মিসবাহ-উল-হক। নাটকীয় জয়ের পর প্রথমে ফিল্ডিং নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন পাকিস্তান অধিনায়ক, ‘আমরা খুব ভালো করেই জানতাম টেস্টটা জিততে হলে ওদের প্রথম ইনিংসে অল্পতেই আউট করতে হবে। আমরা সুযোগটা নিয়েছি, এটা কাজেও দিয়েছে।’
গত বছর গলে দুই দলের সর্বশেষ টেস্টটা একেবারে শেষবেলায় নাটকীয়ভাবে জিতেছিল শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৮০ রানে অলআউট করে ৯৯ রানের লক্ষ্যটা পেরিয়ে গিয়েছিল লঙ্কানরা। এবার অ্যাঞ্জেলো ম্যাথুসের দল মুদ্রার উল্টো পিঠও দেখল ইয়াসির শাহর স্পিনের মায়াজালে।
চতুর্থ দিনে তুলে নিয়েছিলেন সাঙ্গাকারা নামের সবচেয়ে বড় কাঁটাটিকে, দিনের প্রথম বলেই নাইটওয়াচম্যান দিলরুয়ান পেরেরাকে বোল্ড করে শুরু। এরপর আরও ৫টি উইকেট তুলে নিয়েছেন ইয়াসির। তবে ম্যান অব দ্য ম্যাচ কিন্তু ইয়াসির নন, পুরস্কারটা গেছে প্রথম ইনিংসে ৭৬ বলে ৯৬ রান করা উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদের হাতে। ক্রিকইনফো।