বাংলাদেশ ৮১, পাকিস্তান ৯২। পাকিস্তানকে ধবলধোলাই করার পরও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ।
সেই ব্যবধানটা কাল হঠাৎ করে শুধু ঘুচলই না, পাকিস্তানকে নয়ে ঠেলে বাংলাদেশ উঠে গেল র্যাঙ্কিংয়ের আটে। আইসিসির্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ করাতেই পয়েন্টের কাটাকুটিতে বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম সেরা ওয়ানডে দল। বাংলাদেশের সমান ৮৮ রেটিং পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজেরও। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা আছে সাতে।
র্যাঙ্কিংয়ে হঠাৎ এই অদলবদলে বাংলাদেশের সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার পালে হাওয়া তো লাগলই, বাংলাদেশের সামনে এখন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার সুযোগও এসে গেছে। বিশ্বের সেরা আটটি ওয়ানডে দলের ওই টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে যেতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অষ্টম স্থানটা ধরে রাখলেই চলবে। কাজটা মোটেই সহজ নয়, কারণ আগামী পাঁচ মাসে বাংলাদেশ খেলবে ওয়ানডের দুই পরাশক্তি ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান দেশের মাটিতে দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার পর জুলাইয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়। তবে এই সময়টায় কোনো ওয়ানডে ম্যাচ নেই ওয়েস্ট ইন্ডিজের। তাই বাংলাদেশ-পাকিস্তানের পারফরম্যান্সের ওঠানামাই নির্ধারণ করে দেবে কারা যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
প্রতিবছরই এপ্রিল মাসে একবারর্যাঙ্কিং তালিকাটা হালনাগাদ করে আইসিসি। সাম্প্রতিক সময়ের র্যাঙ্কিং বিচার করতে হিসেবে নেওয়া হয় শুধু সর্বশেষ তিন বছরের পারফরম্যান্স। যেমন সর্বশেষ হালনাগাদ করার্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়েছে ২০১১-১২ মৌসুমের হিসাব। কমানো হয়েছে পরের মৌসুমগুলোর ম্যাচের মূল্যায়নও। ২০১১-১২ মৌসুমে ১৫ ওয়ানডের ১০টিতেই হেরেছিল বাংলাদেশ। আর এই মৌসুমে তো বাংলাদেশ ওয়ানডে ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে। এই দুইয়ে মিলেই র্যাঙ্কিংয়ের সাপলুডু খেলায় পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ।
ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পাওয়ায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বেশ উচ্ছ্বসিত। তবের্যাঙ্কিংয়ে উন্নতি যে দায়িত্বও বাড়িয়ে দিয়েছে সেটাও ভোলেননি মাশরাফি। ২০১৯ বিশ্বকাপটাকে পাখির চোখ করেই কাল বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমাদের দায়িত্ব বেড়ে গেল। পারফরম্যান্সের উন্নতির ধারাটা ধরে রেখেই এগিয়ে যেতে হবে, সরাসরি সুযোগ করে নিতে হবে ২০১৯ বিশ্বকাপে।’
মাশরাফির মতে একটা দল হিসেবে ধারাবাহিক ভালো খেলেই বাংলাদেশ এত দূর এগিয়েছে। তাই সতীর্থ ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে এতটুকু কার্পণ্য করেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘কৃতিত্বটা একা আমার নয়। পুরো দলেরই ভালো খেলার পুরস্কার এটা। তাই ধন্যবাদ জানাচ্ছি সব সতীর্থকে, কোচকে, বোর্ড ও ধন্যবাদ দল সংশ্লিষ্ট সবাইকে।’
কাল টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বার্ষিক হালনাগাদ হয়েছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ উঠেছে নয়ে। টি-টোয়েন্টির সেরা দল শ্রীলঙ্কা। টেস্টর্যাঙ্কিং হালনাগাদ হবে বাংলাদেশ-পাকিস্তান ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পর।
আগামী পাঁচ মাসে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সূচি
ওয়েস্ট ইন্ডিজ (৮৮ পয়েন্ট): কোনো ওয়ানডে নেই
বাংলাদেশ (৮৮ পয়েন্ট): জুনে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে, জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওয়ানডে।
পাকিস্তান (৮৭ পয়েন্ট): এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে, জুলাইয়ে শ্রীলঙ্কায় ৫ ওয়ানডে।
ওয়ানডে র্যাঙ্কিং
১ (-) অস্ট্রেলিয়া ১২৯ (+৭)
২ (-) ভারত ১১৭ (+১)
৩ (+১) নিউজিল্যান্ড ১১৬ (+৮)
৪ (-১) দ. আফ্রিকা ১১২ (০)
৫ (-) শ্রীলঙ্কা ১০৬ (-১)
৬ (-) ইংল্যান্ড ৯৪ (-৭)
৭ (-) ও. ইন্ডিজ ৮৮ (-৪)
৮ (+১) বাংলাদেশ ৮৮ (+৭)
৯ (-১) পাকিস্তান ৮৭ (-৫)
১০ (+১) আয়ারল্যান্ড ৫০ (+৬)
১১ (-১) জিম্বাবুয়ে ৪৫ (-৫)
১২ (-) আফগানিস্তান ৪১ (+৩)