পাকিস্তানকে দুয়ো বাংলাদেশকে প্রশংসা মিয়াঁদাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন খুলে বাংলাদেশের প্রশংসা করলেন মিয়াঁদাদ। ফাইল ছবি
মন খুলে বাংলাদেশের প্রশংসা করলেন মিয়াঁদাদ। ফাইল ছবি

পাকিস্তানের ক্রিকেটে কম উত্থান-পতন আসেনি। কিন্তু জাভেদ মিয়াঁদাদের মতে, বাংলাদেশের কাছে এভাবে সিরিজ হারা পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় পতন। ‘বড়ে মিয়াঁ’ বলেছেন, ‘বাংলাদেশের কাছে হেরে যাওয়া পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় লজ্জা। ​এখনই যদি আমরা কোনো বড় পদক্ষেপ না নেই, আমাদের ক্রিকেট আরও ধ্বংসের দিকে যাবে।’
তবে এমন নয়, শুধু পাকিস্তান দলকেই দুষছেন। এই ক্রিকেট কিংবদন্তি মন খুলে প্রশংসা করেছেন বাংলাদেশেরও। স্বীকার করেছেন, এই বাংলাদেশ তাঁর কাছে নতুন বাংলাদেশ, ‘বাংলাদেশকে যেমন ভাবা হতো তেমনটা তারা আর নেই। আমি মনে করি ওরা যেকোনো দলকে হারিয়ে অঘটন ঘটাতে পারে। প্রতি দিনই তারা উন্নতি করছে।’
২০০২ সালে বাংলাদেশে কিছু দিনের জন্য পরামর্শ হিসেবে কাজ করেছেন। এ নিয়েও গর্ব হচ্ছে তাঁর, ‘বাংলাদেশে খানিকটা কোচিং করিয়েছিলাম, ক্রিকেটের কিছু বেসিক নিয়ে বলেছিলাম। যেমন ওরা শর্ট পিচে খুব দুর্বল ছিল। সেই বেসিকগুলো নিয়ে তারা অবিরাম কাজ করেছে বলে প্রশংসা করছি। এখন তাদের খেলা দিনকে দিন উন্নতির দিকে যাচ্ছে।’
সাবেক উইকেটরক্ষক ও নির্বাচক ওয়াসিম বারি ধুয়ে দিলেন পাকিস্তান দলকে, ‘পাকিস্তান দলে কোনো কৌশল নেই, পরিকল্পনা নেই। এ কারণেই ওরা ফেঁসে গেছে। বিশ্বকাপে ভালো খেলার ধারাটা বাংলাদেশ ধরে রেখেছে এগিয়েছে, আর আমরা তলানির দিকে গেছি।’ সূত্র: এএফপি।