পাকিস্তানকে বিদায় করল উইন্ডিজ
হলো না। প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা হলো না এশিয়ার চারটি দলের। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গী হতে পারল না পাকিস্তান। কাল শেষ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট ও ১০ ওভার হাতে রেখে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ক্যারিবীয়রা যুবারা খেলবে বাংলাদেশের সঙ্গে।
ওয়েস্ট ইন্ডিজের পাঁচ পেসারের তোপে কাল ফতুল্লায় ইনিংসে শুরুতেই থরহরি কম্পমান পাকিস্তানের যুবারা। টস জিতে ব্যাট নেওয়া দলটি ৫৭ রানে হারায় পঞ্চম উইকেট। ওভার ততক্ষণে চলে গেছে ২১টি। উমাইর মাসুদ ও সালমান ফাইয়াজের ব্যাটে পাকিস্তান ঘুরে দাঁড়ায় এরপর। আর মাত্র ১ উইকেট হারিয়েই ২২৭ রান তোলে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে যুব ওয়ানডের রেকর্ড ১৬৪ রান করেছেন মাসুদ ও ফাইয়াজ। ১১৪ বলে ১১৩ রান করে আউট হয়েছেন মাসুদ, ফাইয়াজ করেন ৫৮*।
৬ ওভারেই ৪৪, ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া শুরু করে ঝড়ের বেগেই। ওপেনার গিডরন পোপ করেছেন ১৮ বলে ২৫ রান। ফিফটি পেয়েছেন দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করা ইমলাচ (৫৪) ও হেটমায়ার (৫২)।