পাকিস্তানকে রানের চাপায় ফেলতে যাচ্ছে ইংল্যান্ড

১৯৮ রানে অলআউট পাকিস্তান, ৩৯১ রানে এগিয়ে ইংল্যান্ড। পাকিস্তানকে ফলো অনে পাঠানোর সুযোগ পেয়েও সেটি নিলেন না অ্যালিস্টার কুক। অ্যালেক্স হেলসকে নিয়ে ব্যাট করতে নেমে গেলেন। উদ্দেশ্য পরিষ্কার, পাকিস্তানের কাঁধে বড় রানের বোঝা চাপানো। বৃষ্টি নামার আগেই ৪০২ রানের লিড হয়ে গেছে স্বাগতিকদের।
এমনিতেই এখন আর ঝুঁকি নিতে চায় না দলগুলো। ফলো অন না করে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে যায় সবাই। তবু আজকের ম্যাচের পরিস্থিতি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু কুক সে ঝুঁকি নিলেন না। তাঁকে সে সাহস দেখানোর সুযোগ দিলেন না মিসবাহ-উল-হক।
দল অলআউট হয়েছে মাত্র ১৯৮ রানে। কিন্তু এর মধ্যে একাই লড়াই চালিয়ে গেছেন পাকিস্তান অধিনায়ক। পটভূমিটা পরিষ্কার করে নেওয়া যাক। ইংলিশ পরিবেশ, মেঘলা আকাশ। খানিক আগেই একপশলা বৃষ্টি হয়ে গেছে। হঠাৎই যেন প্রাণ ফিরে পেয়েছে ওল্ড ট্রাফোর্ডের উইকেট। আগুন ঝরাচ্ছেন ইংলিশ পেসাররা। অনাকাঙ্ক্ষিত বৃষ্টিবিরতির আগেই ফিরেছেন সঙ্গী শান মাসুদ। বৃষ্টির পরই ফিরলেন আসাদ শফিকও; ৬ উইকেটে ৭৬ হয়ে গেছে পাকিস্তান।
ইংল্যান্ড কত রানের লিড পাচ্ছে, ফলো অনে সর্বোচ্চ জুটির রেকর্ড কত? শুরু হয়ে গেছে আলোচনা। সরফরাজ খানের এলোপাতাড়ি কিছু শটে এক শ পেরোয় পাকিস্তান। কিন্তু তারপরই আউট সরফরাজ। অন্য প্রান্তে তখনো ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে মিসবাহ।
মধ্যাহ্নবিরতির ঠিক আগের ওভারে এল ধাক্কা। দ্বিতীয় বলে বাউন্সার দিয়েছিলেন ক্রিস ওকস। মিসবাহ এড়াতেই চেয়েছিলেন, কিন্তু বলটি মিসবাহর গ্লাভস ছুঁয়ে লাগল হেলমেটের গ্রিলে। সে ধাক্কায় হেলমেটের পেছনের দিকে ঘাড়ের সুরক্ষার জন্য রাখা বাড়তি অংশটি ছিটকে পড়ল। কিন্তু আবারও উঠে দাঁড়ালেন মিসবাহ। ওই ধাক্কা সামলে চতুর্থ বলে প্রান্ত বদল করলেন। পরের বলেই আবারও সঙ্গীহারা পাকিস্তান অধিনায়ক, ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সফরকারীদের।
পাকিস্তানের ইনিংসের সেরা সময়টি আসল এরপরই। দাঁতে দাঁত চেপে কীভাবে লড়তে হয়, সেটিই দেখালেন মিসবাহ, তাঁকে যোগ্য সংগত দিলেন ওয়াহাব রিয়াজ। পেস বোলিংয়ের উপযুক্ত পরিবেশে পেয়ে ইচ্ছেমতো শর্ট পিচ ও বাউন্সার ছাড়লেন ওকস-স্টোকসরা।। কিন্তু তাতে দমে যাননি মিসবাহ-রিয়াজ। আক্ষরিক অর্থেই বলের সামনে শরীর পেতে দিয়ে সময়টা পার করেছেন।
তবে মিসবাহর এমন সাহসী ইনিংসটি শেষ হলো মঈন আলীর নিরীহ দর্শন স্পিনে। একটু পরে শেষ ব্যাটসম্যান হিসেবে রিয়াজও ফেরেন মঈনের বলে। হয়তো মিসবাহর এমন ইনিংসই কুককে সাহসী হতে দেয়নি। ফলো অনে নেমে ইডেনে ভিভিএস লক্ষণের সেই মহাকাব্যিক ইনিংসটির কথা যে আজ বারবারই ঘুরে ফিরে আসছি। স্টার স্পোর্টস।