পাকিস্তানকে শ্রীলঙ্কার ২৫৬ রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাম্বুলায় প্রথম ওয়ানডের একটি মুহূর্ত। ছবি: এএফপি
ডাম্বুলায় প্রথম ওয়ানডের একটি মুহূর্ত। ছবি: এএফপি

সংগ্রহটা আরও বড় হতে পারত, কিন্তু তা হয়নি। দলের শীর্ষ ব্যাটসম্যানদের কারণেই। তাঁরা নিজেদের ইনিংসের শুরুটা করেছিলেন, কিন্তু শেষটা উপহার দিতে পারেননি। কিন্তু তারপরেও ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নিজেদের সংগ্রহটা আড়াইশ পার করতে পেরেছে লঙ্কানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৫ রানকে খুব খারাপ স্কোর বলা যাবে না। কিন্তু তিলকরত্নে দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথুসরা ২০ / ২২ আর ত্রিশের ঘরে না ফিরলে এই সংগ্রহটা আরও চ্যালেঞ্জিং হতে পারত। তারপরেও দিনেশ চান্দিমাল ৬৮ বলে অপরাজিত ৬৫ করে ইনিংস শেষে যখন সাজঘরে ফিরছিলেন, তখন তাঁর মুখের হাসিটা দেখে মনে হল, সংগ্রহটা নেহাতই মন্দ হয়নি।
শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ব্যক্তিগত সংগ্রহ যেকোনো সমর্থককেই পীড়া দিতে বাধ্য। প্রত্যেকেই আউট হয়েছেন পায়ের তলার মাটি শক্ত করার পরপরই। কুশল পেরেরা ২৬, তিলকরত্নে দিলশান ৩৮, অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৮, লাহিরু থিরিমান্নে ২৩, উপুল থারাঙ্গা ২০, মিলিনদা সিরিবর্ধনে ২২—এই ইনিংসগুলোর মধ্যে অন্তত দিলশান আর ম্যাথুসের ইনিংস বড় হতেই পারত।
আফসোসের মধ্যেও আশার আলো হয়ে ছিলেন চান্দিমাল। তাঁর ৬৫ রানের ইনিংসটি না হলে ২৫৫ রানটাও বোধ হয় হতো না। টেইল এন্ডারদের এ জন্য বড়সড় ধন্যবাদ চান্দিমাল দিতেই পারেন।
পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ হাফিজ। ৪১ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। ২ উইকেট রাহাত আলীর। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার আলী আর ইয়াসির আলী।