পাকিস্তানকে সবাই ভয় পায়, বললেন সরফরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি
>

বিশ্বকাপে আজ নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, তাঁদের দল ‘আনপ্রেডিক্টেবল’ বলেই সবাই ভয় পায়।

পাকিস্তান নিয়ে ক্রিকেটে কথাটা বেশ প্রচলিত—ওদের নিয়ে আগেভাগে কিছু বলা বিপদ। কী করে বসবে, কিছু বলা যায় না। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ অবশ্য মনে করেন, এ অনিশ্চয়তাটুকু একদিক থেকে ভালোই। ‘আনপ্রেডিক্টেবল’ বলেই তো প্রতিপক্ষরা ভয় পায়।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ মাঠে নামছে পাকিস্তান। নটিংহামে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ভয়ডরহীন ক্রিকেট খেললেও পাকিস্তান অধিনায়ক এসব নিয়ে ভাবছেন না। বরং চাপটা ওয়েস্ট ইন্ডিজের ওপর তুলে দিলেন। সরফরাজ বলেন, ‘অনিশ্চিত-আনপ্রেডিক্টেবল বলেই সবাই পাকিস্তানকে ভয় পায়। কারণ, পাকিস্তান দলটা বিপজ্জনক। বিশ্বকাপে সবচেয়ে অনিশ্চিত দল হয়ে থাকাটা তাই ভালোই।’

তবে ঠিক যে ধরনের ফর্ম নিয়ে বিশ্বকাপে পা রেখেছে পাকিস্তান, তা কোনো অধিনায়কেরই কাম্য নয়। বিশ্বকাপে পা রাখার আগে টানা ১০ ওয়ানডে হেরেছে সরফরাজের দল। সব সংস্করণ মিলিয়ে সবশেষ ২৩ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচে হেরেছে দলটি। এমনকি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও। আবার এখান থেকেও বিশ্বকাপে শিরোপা জিততে পারে পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপে যেভাবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অবশ্য বাকি দলগুলো তুলনায় পাকিস্তানকে অতটা শক্তিশালী মনে করছেন না। ‘যা হয়েছে তা অতীত। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে অনভিজ্ঞ দল হেরেছে। কিন্তু এখন আর কোনো অজুহাত চলে না। তবে প্রতিটি দলই শক্তিশালী। পাকিস্তান অতটা নয়। সেমিতে উঠতে তাদের অনেক কষ্ট করতে হবে’, মনে করছেন আকরাম।