পাকিস্তানকে সিরিজে হারানোর স্বপ্ন দেখছে উইন্ডিজ

প্রথম ওয়ানডেতে চমকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে শুধু হারায়ইনি, নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডও গড়েছে। এ কারণেই আরও বড় স্বপ্ন দেখার সাহস পাচ্ছে স্বাগতিকেরা। আজ রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজও নিশ্চিত করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেটের ‘বড় শক্তি’র পরিচয় অনেক আগেই মুছে গেছে তাদের। এক সময়ের দোর্দণ্ড প্রতাপের ক্যারিবীয় দলের বর্তমান অবস্থা নতুন করে বলার প্রয়োজন নেই। ২০০৮ সালের পর বাংলাদেশ-জিম্বাবুয়ে ছাড়া তারা একটিই দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ওয়ানডেতে। ২০১২ সালে নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ৪-১ ব্যবধানে হারিয়েছিল তারা। বাংলাদেশকেও যে সময়ে হারিয়েছে, সেই বাংলাদেশ এই বদলে যাওয়া বাংলাদেশ নয়।
পাকিস্তানের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজের সাফল্য তো আরও পুরোনো। ১৯৯২ সালের পর আর জেতেইনি ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে তারা সিরিজ হেরেছে পাঁচবার।
ওয়েস্ট ইন্ডিজকে আত্মবিশ্বাস জোগাচ্ছে সিরিজর প্রথম ম্যাচ। পাকিস্তানের ৩০৮ রান ১ ওভার ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়, তখন দ্বিতীয় ওয়ানডেতে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে পারে বৈকি। ওয়েস্ট ইন্ডিজ পারবে সিরিজটা নিজেদের করে নিতে? পাকিস্তানই বা প্রথম ম্যাচের অভাবনীয় পরাজয়ের ধাক্কা থেকে বেরিয়ে এসে কীভাবে উদ্দীপ্ত হবে সিরিজে টিকে থাকতে! যে সিরিজ নিয়ে সেভাবে আলোচনা-আগ্রহ ছিল না, এক ম্যাচেই বদলে গেল ছবিটা।
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ঝড় তুলেছিলেন জেসন মোহাম্মদ। ২০১১ সালে অভিষেকের পর যিনি ওয়ানডেই খেলেছেন মাত্র পাঁচটি। কোনো ম্যাচেই যাঁর স্ট্রাইকরেট ৮০-এর বেশি নয়, সেই জেসনই প্রথম ওয়ানডেতে ৫৮ বলে ৯১ রান করে ম্যাচটা জিতিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে! দ্বিতীয় ওয়ানডের আগে এই ‘অখ্যাত’ জেসনই হয়ে উঠছেন ক্যারিবীয়দের স্বপ্ন পূরণের অন্যতম প্রধান অস্ত্র।
পাকিস্তান কিন্তু আজ যথেষ্ট চাপ নিয়েই মাঠে নামবে। অধিনায়ক সরফরাজ আহমেদের জন্য চাপটা একটু বেশিই। গত ম্যাচে তাঁর অধিনায়কত্ব কিন্তু প্রশ্নবিদ্ধ! স্পিনারদের ব্যবহার করা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে। ক্যারিবীয় ব্যাটসম্যানরা স্পিনে দুর্বল জেনেও দলের স্পিনারদের অব্যবহৃত রেখে ‘প্রিয়’ পেসারদের দিয়ে বল করিয়ে যাওয়ার খেসারত দিয়েছেন খুব বাজেভাবেই।
তাঁর ভরসার পেসাররা ২৩ ওভারে দিয়েছেন ১৭১ রান! প্রথম ম্যাচে দারুণ শুরুর পর ৫০ ওভারে পাকিস্তানের ৩০৮ রানও প্রশ্ন তুলছে। মাঝের ওভারগুলোতে পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়েও প্রশ্ন আছে। মোহাম্মদ হাফিজের গদাই লস্করি চালের ব্যাটিং পাকিস্তানের সংগ্রহটা আরও বড় না হওয়ার একটা কারণ। যদিও শেষের দিকে তিনি মেরে খেলে ধীর ব্যাটিংয়ের ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। অবস্থা এমন দাঁড়িয়েছিল শোয়েব মালিকের ৩৮ বলে ৫৩ রানের ইনিংসটা না হলে পাকিস্তানের সংগ্রহ তিন শই পেরোয় না। কোচ মিকি আর্থার ব্যাপারটি নিয়ে বিরক্তি আড়াল করেননি।
ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি প্রেরণা দিচ্ছে আইসিসির র্যাঙ্কিং। এই সিরিজটা ওয়েস্ট ৩-০ ব্যবধানে জিতলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৪ থেকে ৮৬। পাকিস্তানের পয়েন্টও ২ কমে যাওয়ায় (৮৯ থেকে ৮৭) ক্যারিবীয়দের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াবে ১। নিজেদের র্যাঙ্কিং নয় থেকে আট-এ তুলতে এই সিরিজে ৩-০ ব্যবধানে জেতাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য জরুরি। সে পথে তারা অনেকটা পথই এগিয়ে যাবে আজকের ম্যাচটা জিততে পারলে।
র্যাঙ্কিংয়ে নিজেদের এগিয়ে নিতে এই সিরিজের ব্যাপারে উৎসাহী ছিল পাকিস্তান। এখন উল্টো তারাই বিপদে।