পাকিস্তানকে হারানো নয়, শচীনের আগ্রহ বিশ্বকাপ জয়ে

১৬ জুনের টিকিট নিয়ে একটুও ভাবতে হয়নি আইসিসিকে। প্রীতি ম্যাচ হলেও এ ম্যাচের টিকিট মুহূর্তে বিক্রি হয়ে যেত, আর এ তো বিশ্বকাপ! ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের গ্রুপপর্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তান ম্যাচের আগ্রহ যে সব প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে যায় এখনো।
রাষ্ট্রীয় দ্বৈরথের প্রভাব ভালোভাবেই পড়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে। সাম্প্রতিক সময়ে পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থায় প্রায় পণ্ড হতে বসেছিল বিশ্বকাপের দুই দেশের ম্যাচ। পরে সব দিক চিন্তা করে ভারত পাকিস্তানের সঙ্গে ১৬ তারিখের ম্যাচটা বাতিল করেনি। বরং সে ম্যাচ জিতেই সব জবাব দিতে চায় ভারত। শচীন টেন্ডুলকার অবশ্য ওসব জবাব-টবাবেও বিশ্বাসী নন।
বিশ্বকাপে এর আগে ছয়বার পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আর প্রত্যেকবারই জয়ের মুখ দেখেছে ভারত। যদিও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পরাজয় ভারতকে কিছুটা হলেও তটস্থ রাখবে। তবে বিশ্বকাপে ছয়টি ম্যাচের পাঁচটিতে অংশ নিয়ে তিনটিতেই ম্যাচসেরার পুরস্কার পাওয়া শচীন টেন্ডুলকার অবশ্য ম্যাচটিকে খুব একটা বড় করে দেখতে নারাজ। তাঁর মতে, ক্রিকেটারদের মূল লক্ষ্য হওয়া উচিত ১৯৮৩ এবং ২০১১–এর কীর্তির পুনরাবৃত্তি করা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেছেন, ‘লোকে বরাবরই এ ম্যাচটিকে বেশি গুরুত্ব দেয়, ২০০৩ বিশ্বকাপের সময়ও সবাই বলেছিল বিশ্বকাপে ফল যা–ই হোক, পাকিস্তানের বিপক্ষে জয় চাই। কিন্তু আমি সব সময়ের মতো এবারও একই কথা বলব, ভারত কখনোই শুধু একটি দলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেবে না, বরং বিশ্বকাপ জয় করার লক্ষ্যকে সামনে রেখে খেলবে।’
ভারত-পাকিস্তান কোনো দলেরই ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা ভালো হয়নি। আফগানদের কাছে ৩ উইকেটে হেরেছে টানা ১০ ওয়ানডেতে হার দেখা পাকিস্তান। আর নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিপর্যয় বিশ্বকাপের অন্যতম ফেবারিট তকমা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তবুও সমর্থকদের মাঝে ১৬ জুনের মহারণের আবেদন কমবে না এতটুক। টেন্ডুলকার তাই আগেভাগে সবাইকে সতর্ক করেছেন, ‘বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা দিতে পারলে ফল নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের একটি ম্যাচ জয়ের চেয়ে বরং বিশ্বকাপ জয়ে বেশি মনোযোগী হওয়া উচিত।’
৩১মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান আর ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ জুন।