পাকিস্তানকে হারানোই ছিল আমার স্বপ্ন: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলার পথে আকরাম খান। ফাইল ছবি
সেই ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলার পথে আকরাম খান। ফাইল ছবি

সিরিজের শেষ ম্যাচের আগে ফেসবুকে মজার একটি কৌতুক ছড়িয়েছিল-‘বাংলাওয়াশ ৭০% ডাউনলোডেড’! এখন নিশ্চয় সেটা ১০০% হয়ে গেছে!
স্বাভাবিকভাবেই মিরপুরে দর্শকদের ভেতর আনন্দ-ঢেউয়ের ছলছলানি, আপ্লুত-আমোদিত মুখগুলো বলছে এর চেয়ে দারুণ সমাপ্তি আর কিছুই হতে পারে না। আবেগের ঊর্ধ্বে নন আকরাম খানও। বাংলাদেশের এ সাফল্য ছুঁয়ে যাচ্ছে যে তাঁকেও।
এ সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র সাফল্য হিসেবে বারবার এসেছে ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে সেই ঐতিহাসিক জয়ের কথাই। আর সে জয়ের অন্যতম কারিগর ছিলেন আকরাম। খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস। ১৬ বছর পর তাঁরই উত্তরসূরিরা লিখলেন আরও বড় এক গৌরবগাথা।
আকরাম খেলা দেখছিলেন প্রেসিডেন্ট বক্সে বসে। ম্যাচ চলাকালে কথা হলো তাঁর সঙ্গে। আলাপচারিতায় অতীত-বর্তমান ঘুরে বেড়ালেন বারবার। ফিরে ফিরে এল দলের বর্তমান ও ভবিষ্যৎও।
পাকিস্তানের বিপক্ষে জয়ের তাৎপর্য বোঝাতে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক শুরুতেই বললেন, ‘যখন খেলোয়াড় ছিলাম, অনেকে জিজ্ঞেস করত, আপনার স্বপ্ন কী? আমি বলতাম, পাকিস্তানকে হারানো। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
আজ মুশফিক-তামিম-সৌম্যদের দুর্দান্ত পারফরম্যান্স দেখছিলেন আর ফিরে ফিরে যাচ্ছিলেন ১৬ বছর আগের সেই রূপকথার জয়ে, ‘আসলে ম্যাচের আগের দিনও জেতার ভাবনা ছিল না আমাদের।’
সেটাই স্বাভাবিক। তখনকার পাকিস্তান দলের বিপক্ষে প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলাদেশ জিতবে, এটা ছিল সুদূরপরাহত সম্ভাবনা। আকরাম বললেন, ‘তখন পাকিস্তান দুর্দান্ত দল ছিল। যাকে বলে, ড্রিম টিম! বোলার হিসেবে ছিল ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তার, সাকলায়েন মোশতাকরা। আর ব্যাটসম্যান হিসেবে সাঈদ আনোয়ার, ইজাজ আহমেদ, ইনজামামুল হকের মতো মহাতারকারা। এমন একটা দলের বিপক্ষে খেলাটাও ছিল অনেক বড় ব্যাপার। সত্যি বলতে ​কি, আমাদের উদ্দেশ্য ছিল কেবলই ভালো খেলা। জয়ের স্বপ্ন দেখাটা কঠিনই ছিল।’
কখন ভেবেছিলেন জিততে পারি? আকরাম ফিরিয়ে নিয়ে এলেন সেদিনের স্মৃতি, ‘যখন প্রথমে ব্যাট করে ২২৩ করে ফেললাম, আর দ্রুতই যখন ওদের কয়েকটি উইকেট পড়ে গেল, বিশেষ করে ইনজামাম রান আউট হলো, সাঈদ আনোয়ার ও ইজাজও দ্রুত ফিরে গেল—এই তিন উইকেট পড়ে যাওয়ার পরই আমাদের মনে হলো, আজ আমরা জিতব।’
ওই জয়টি বাংলাদেশের ক্রিকেটকে বদলে যেতে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আকরাম সে কথাই মনে করিয়ে দিলেন আরেকবার, ‘ওই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এরপরই আমরা টেস্ট স্ট্যাটাসের জন্য জোরালো দাবি তুলেছিলাম এবং স্ট্যাটাস পেয়েও গেলাম। তখন প্রতিটি জয়ই আমাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। কারণ, তখনকার দল এখনকার মতো শক্তিশালী ছিল না। বর্তমান বাংলাদেশ দলে চার-পাঁচজন বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সময়ে যেটা ছিল না।’
উত্তরসূরিদের এ সাফল্যে স্বাভাবিকভাবেই ছুঁয়ে যাচ্ছে বর্তমান বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরামকে, ‘খুবই ভালো লাগছে এ মুহূর্তে। আসলে তিন-চার বছর আগে এ সাফল্যের ভিত্তিটা তৈরি হয়েছে। যেদিন ফিল্ডিং-ব্যাটিং-বোলিং তিনটা বিভাগেই ভালো হবে, সেদিন বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। গত দু-তিন বছর ধরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। কখনো কখনো পারফরম্যান্সের ওঠা-নামা হয়। কখনো কখনো বাংলাদেশেরও হয়েছে। তবে এখন বাংলাদেশ খেলছে একটি দল হিসেবে। দলটা বেশ পরিণত। আশা করি, দ্রুত বাংলাদেশ ভালো অবস্থানে যেতে পারবে। ভীষণ গর্ববোধ হচ্ছে এ দলটা নিয়ে।’