পাকিস্তানকে হারিয়ে ভারতকে টপকানোর আশা
নিউজিল্যান্ডের কপাল ভালো। করোনাভাইরাস খুব বেশি ক্ষতি করতে পারেনি কিউইদের। গত গ্রীষ্ম শেষেই করোনার কারণে সারা বিশ্বে খেলা বন্ধ হয়। ততক্ষণে নিজেদের গ্রীষ্মের ক্রিকেট শেষ করে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে খেলছিল কেন উইলিয়ামসনের দল। বছর ঘুরে নতুন গ্রীষ্মের শুরুতেই ঘরের মাঠে ক্রিকেট আয়োজন করছে কিউইরা।
কদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারিয়েছে। এবার সামনে পাকিস্তান। কাল মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই দুই ম্যাচ জিতলেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ সৃষ্টি হবে নিউজিল্যান্ডের। করোনার কারণে খুব বেশি ম্যাচ স্থগিত না হওয়াতেই নিউজিল্যান্ডের রক্ষা।
বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া ও ভারত। নিউজিল্যান্ড খুব বেশি পিছিয়ে নেই। পাকিস্তানকে দুই ম্যাচে হারালে শীর্ষ দুইয়ে উঠে আসবে কিউইরা। এরপর অবশ্য তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের দিকে।
উইলিয়ামসনও চাইবেন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে, ‘আমি মনে করি, খেলার জন্য এই টেস্ট চ্যাম্পিয়নশিপ দারুণ ব্যাপার। কিন্তু আমাদের মনোযোগ থাকবে ভালো শুরু করায়। কী হবে সেটা না ভেবে, আমাদের সামনে যা আছে সেটাই মোকাবিলা করতে হবে। আমরা জানি পাকিস্তান কতটা ভালো দল। শুরু থেকেই আমাদের সতর্ক থাকতে হবে। মৌলিক বিষয়গুলোই দেখতে হবে। সামনে যা আছে, সে অনুযায়ী খেলা। বেশি দূর চিন্তা না করা।’
নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদির জন্য পাকিস্তান সিরিজ আবার বাড়তি অনুপ্রেরণার কারণ হতে পারে। আর চারটি উইকেট পেলে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই অভিজ্ঞ পেসার। কিউইদের মধ্যে ৩০০ টেস্ট উইকেটের ক্লাবে আছেন শুধু রিচার্ড হ্যাডলি ও ড্যানিয়েল ভেট্টোরি।
অন্যদিকে পাকিস্তান লড়ছে চোটের সঙ্গে। প্রথমে অধিনায়ক বাবর আজম, এরপর ওপেনার ইমাম–উল–হক ও নতুন করে যোগ হয়েছে লেগ স্পিনার শাদাব খানের নাম। ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দুশ্চিন্তার শেষ নেই। তবু আশা, এই ভঙ্গুর দল নিয়েই ভালো করবে পাকিস্তান, ‘আমরা তাদের ওপর আস্থা রাখি। আশা করি তারা ভালো খেলবে।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো পাকিস্তানের জন্যও কিউইরা সবুজ গালিচা সাজিয়ে অপেক্ষা করছে। সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনাররা এমন উইকেটের রাজা। পাকিস্তানের বোলিং আক্রমণও কম শক্তিশালী নয়। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসে আস্থা আছে রিজওয়ানের, ‘পিচে একটু বেশি ঘাস থাকা কোনো ব্যাপার নয়। এটা আমাদের জন্য যদি কঠিন হয়, তাহলে নিউজিল্যান্ডের জন্যও কঠিন হবে।’