পাকিস্তানি ক্রিকেটারদের করোনায় 'বিস্মিত' রমিজ

কোনো লক্ষণ নেই, অসুস্থতার লেশমাত্র নেই। কিন্তু পরীক্ষার পর দেখা গেলে পাকিস্তান ক্রিকেট দলের তিন খেলোয়াড়—শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী করোনা পজিটিভ। পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে এটাকে বড় ধাক্কা বলেই মনে করেন সাবেক ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ড সফর সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলের সব খেলোয়াড়ের কোভিড পরীক্ষা করা হয়। রোববার রাওয়ালপিন্ডিতে এই পরীক্ষায় করোনা ধরা পড়েছে এই তিন ক্রিকেটারের শরীরে। এই তিন ক্রিকেটারকে এখন সঙ্গ নিরোধে (আইসোলেশন) থাকতে বলা হয়েছে।
রমিজ রাজা এই ঘটনার পর এক টুইট বার্তায় লেখেন, ‘শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলীর করোনা ধরা পড়ার খবরে আমি বিস্মিত। এদের কোনো উপসর্গই ছিল না। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি। তাঁরা যেন দ্রুত ক্রিকেটে ফিরতে পারে।’
উপমহাদেশে করোনার প্রকোপ এ মুহূর্তে ভয়াবহ। পাকিস্তানে করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৩ হাজার ৫৯০ জন। পিসিবি ইংল্যান্ডগামী ক্রিকেটারদের আরও একবার করোনা পরীক্ষা করবে বলে জানা গেছে। পরপর দুই পরীক্ষায় নেগেটিভ আসা খেলোয়াড়েরাই কেবল ইংল্যান্ড সফর করতে পারবেন।
করোনা আক্রান্ত ক্রিকেটাররা কোয়ারেন্টিনে থাকার পর যদি সুস্থ হয়ে ওঠেন, এরপর তাদের পরপর দুটি পরীক্ষা হবে। দুই পরীক্ষায় নেগেটিভ আসলে তাঁরা অবশ্য ইংল্যান্ডে দলের সঙ্গে প্রয়োজন হলে যোগ দিতে পারবেন।
যুক্তরাজ্য সরকারের নতুন আইন অনুযায়ী দুই সপ্তাহ কোয়ারেন্টিনের পরই পাকিস্তানের সুস্থ ক্রিকেটাররা ইংল্যান্ডে প্রবেশের সুযোগ পাবেন। ‘জৈব সুরক্ষিত’ পরিবেশেই পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা থাকবেন। কোনো সংবাদকর্মী এই সফর সরাসরি মাঠে বসে কভারের সুযোগ পাচ্ছেন না বলেও জানা গেছে।