পাকিস্তানি ক্রিকেটাররা 'অশিক্ষিত'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গ্র্যাজুয়েট’ না থাকাই পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার কারণ? ছবি: এএফপি।
‘গ্র্যাজুয়েট’ না থাকাই পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার কারণ? ছবি: এএফপি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান অন্তত তা-ই মনে করেন। পাকিস্তানি ক্রিকেটারদের শিক্ষাদীক্ষায় সমস্যা আছে। আর ক্রিকেটাররা ‘অশিক্ষিত’ হওয়ার কারণেই সাম্প্রতিক কালে আন্তর্জাতিক ক্রিকেটে দল হিসেবে পাকিস্তানের ফল এত খারাপ!

শিক্ষা বলতে শাহরিয়ার খান অবশ্য ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা’ই বোঝাতেই চাইছেন। তাঁর ​দাবি, বর্তমান পাকিস্তান দলে মিসবাহ-উল-হক ছাড়া কোনো ‘গ্র্যাজুয়েট’ ক্রিকেটার নেই।

এ ব্যাপারে অবশ্য নিজেদের দায়ও দেখছেন পিসিবি সভাপতি। পিসিবির উদ্যোগহীনতার কারণেই নাকি দলের এই অবস্থা। তিনি কথা দিয়েছেন, ভবিষ্যতে পড়াশোনা করা ‘গ্র্যাজুয়েট’ খেলোয়াড়েরা যেন পাকিস্তান দলে সুযোগ পান, সে ব্যাপারে ভূমিকা রাখবে বোর্ড।

এ ছাড়া আহমেদ শেহজাদ ও উমর আকমলকে ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে না রাখার মূল কারণ তাঁদের শৃঙ্খলাবোধের অভাব। শাহরিয়ার খান নিজেই বলেছেন, ‘এই একটি জায়গাতে সমস্যা থাকার কারণেই দুজন বাদ পড়েছে। পিসিবি ভবিষ্যতে খেলোয়াড়দের ফিটনেস ও শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করবে না।’

ফিটনেস ইস্যুটিকে পিসিবি যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি একাডেমি কাকুলে দলকে পাঠানো হয়েছে ফিটনেস প্রশিক্ষণের জন্য। দলের সঙ্গে কাজ করছেন সেনাবাহিনীর ট্রেনার। তবে শাহরিয়ার খানের তৃপ্তির জায়গাটা হচ্ছে মুদাসসর নজর। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার আঞ্চলিক ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্ব নেওয়ায় দারুণ আশাবাদী শাহরিয়ার, ‘আমার মনে হয় এই কাজে মুদাসসরের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। তৃণমূল ক্রিকেটাররা তাঁর অধীনে উপকৃতই হবে। পাকিস্তানের ক্রিকেটও উপকৃত হবে। মুদাসসর অনেক বড় ত্যাগ স্বীকার করেই এই দায়িত্ব নিয়েছে। তাঁর তো দুবাইয়ে অনেক টাকার একটা চাকরি প্রায় হয়েই ছিল।’ সূত্র: দ্য ডেইলি টাইমস।