পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের মেলা!
পাকিস্তান আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত যদি তারা না-ও ভারতে যায়, এই বিশ্বকাপে ঠিকই ‘পাকিস্তানি খেলোয়াড়ের’ মেলা হয়ে থাকছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ছয়টি দলে অন্তত একজন করে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। সব মিলে সংখ্যাটা ২২, পাকিস্তান দলের স্কোয়াডের চেয়েও বেশি!
পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় সবচেয়ে বেশি ওমান ও হংকংয়ে। ওমান তো বলতে গেলে একখণ্ড পাকিস্তানই, তাদের ১১ জনের খেলোয়াড়েরই নাড়ি পোতা সেখানে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দুই নায়ক জিশান মাকসুদ ও খাওয়ার আলী পাকিস্তানি বংশোদ্ভূত। আর শেষ পর্যন্ত জয়টা যাঁর হাতে ধরে এসেছে, সেই আমির আলী করাচির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। চেহারায় মিল দেখে অনেকে তো সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বাসিত আলীর ভাইও বলছেন তাঁকে। অধিনায়ক সুলতান আহমেদও পাকিস্তানি বংশোদ্ভূত, করাচির হয়ে যাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে।
হংকংয়েও পাকিস্তানিদের জয়জয়কার, এই দলের সাতজনই পাকিস্তানি বংশোদ্ভূত। অধিনায়ক তানভির আনোয়ার পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছেন। নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার স্বাদও। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে হাসিব আমজাদেরও। বাকি পাঁচজন পাকিস্তানের হয়ে কোনো পর্যায়ে না খেললেও সবাই জন্মেছেন ওখানেই, এখন আন্তর্জাতিক ক্রিকেট প্রতিনিধিত্ব করছেন হংকংয়ের।
‘পাকিস্তানের প্রতিনিধিত্ব’ আছে আরও তিনটি দেশে। অস্ট্রেলিয়ার উসমান খাজা জন্মেছেন করাচিতে, এখন তো অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়াচ্ছেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজার বাল্যকাল কেটেছে পাকিস্তানে, পাঁচ বছর আগে পেয়েছেন জিম্বাবুয়ের নাগরিকত্ব। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের জন্ম লাহোরে, পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন ‘এ’ দলেও। হল্যান্ডের মুদাসসর বুখারিও জন্মেছিলেন পাকিস্তানে, পরে তাঁর ঠিকানা হয়েছে হল্যান্ড দল। সূত্র: হিন্দুস্তান টাইমস।