পাকিস্তানি বোলারদের রেকর্ডে ভাসাল নিউজিল্যান্ড
ঘরের মাঠে সিরিজ জেতাকে যেন অভ্যাসে পরিণত করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোর পর নিজেদের মাঠে টানা ৬ টেস্ট জিতল নিউজিল্যান্ড।
এ নিয়ে নিউজিল্যান্ড হারের মুখ দেখেনি টানা ১৭ টেস্টে। ২০১৭ সালে ঘরের মাঠে সর্বশেষ হেরেছিল নিউজিল্যান্ড, দলটা ছিল সেরা ফর্মের দক্ষিণ আফ্রিকা।
এরপর ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানকে হারিয়ে টানা তিন সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
পাকিস্তানকে ধবলধোলাই করে সিরিজ জয়ের সঙ্গে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে গেল নিউজিল্যান্ড।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথেও আরেকটু এগোল এই সিরিজে।দুই টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি পাকিস্তানকে পেয়ে যেন রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই একের পর এক রেকর্ড করে গ্রীষ্মের শেষ টেস্ট সিরিজের সমাপ্তি টানে কেন উইলিয়ামসনের দল।
পাকিস্তানের বিপক্ষে জুটির রেকর্ড
সর্বশেষ ৯ টেস্টে পাকিস্তানি বোলারদের বিপক্ষে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা তিনটি ৩০০ ছাড়ানো জুটি গড়েন। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে মোট পাঁচটি ট্রিপল সেঞ্চুরি জুটি হয়েছে। তিনটিই এসেছে পাকিস্তানের বিপক্ষে।
শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বোলাররা বাকি দুটি জুটির ভুক্তভোগী। গত দুই দশকে পাকিস্তানি বোলারদের বিপক্ষে হয়েছে ১৫টি ট্রিপল সেঞ্চুরি জুটি। এর ১৩টিই এসেছে ২০০০ সালের পর থেকে।
পাকিস্তানের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ স্কোর
দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৬৫৯ রান পাকিস্তানের বিপক্ষে যা টেস্টে তাদের চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।
ভুলে যাওয়ার মতো অভিষেক
নিউজিল্যান্ড সিরিজে অভিষিক্ত স্পিনার জাফর গহর ১৫৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। পাকিস্তানের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বাজে অভিষেক পারফরম্যান্স। ইংল্যান্ডের আদিল রশিদও ২০১৫ সালে প্রায় একই ভাগ্য বরণ করেন। কোনো উইকেট না নিয়ে খরচা করেন ১৬৩ রান।