পাকিস্তানি বোলারের যে পারফরম্যান্সে ঈর্ষা হবে না কারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকে উইকেট পেলেও ফিল্ডিংয়ে দুঃস্বপ্ন দেখেছেন শাহীন। তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন অধিনায়ক সরফরাজ। ছবি: টুইটার
অভিষেকে উইকেট পেলেও ফিল্ডিংয়ে দুঃস্বপ্ন দেখেছেন শাহীন। তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন অধিনায়ক সরফরাজ। ছবি: টুইটার
>

কাল এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ক্যাচ ছেড়েছে পাকিস্তান। এর মধ্যে অভিষিক্ত শাহীন আফ্রিদির বলে তিনটি ক্যাচ ছেড়েছেন তাঁর সতীর্থরা। শাহীন নিজেও দুটি ক্যাচ ছেড়েছেন

‘বাটারফিঙ্গারস’—ম্যাচের বিশেষ মুহূর্ত বর্ণনায় রসিকতা করে কথাটা বলে থাকেন ধারাভাষ্যকারেরা। বাংলায় আক্ষরিক অর্থটা দাঁড়ায়, মাখন-মাখানো আঙুল। আসলে তা নয়। ফিল্ডার সহজ ক্যাচ ছাড়লে তাঁকে এ কথাটা বলা হয়। কাল এশিয়া কাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেও এমন মুহূর্ত দেখা গেছে। এক-দুবার নয় পাঁচ-পাঁচবার!

ম্যাচটা না দেখে থাকলে বিশ্বাস করতে কষ্ট হবে। তবে দলটা যেহেতু পাকিস্তান তাই বিশ্বাস করতেও সময় লাগার কথা না। কাল সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়েরা যেন ফিরিয়ে এনেছিলেন তাঁদের হারানো ‘ঐতিহ্য’—বাজে ফিল্ডিং। পাকিস্তান ক্রিকেটে ব্যাপারটা অবশ্য নতুন কিছু নয়। গত বছরও অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে চার-চারটি ক্যাচ ছেড়েছিলেন পাকিস্তানের ফিল্ডাররা। শোয়েব আক্তার রসিকতা করে বলেছিলেন, ‘এসসিজিতে পাকিস্তানের খেলোয়াড়েরা কী খেয়ে নেমেছিল তা তদন্ত করা উচিত। তৈলাক্ত কোনো খাবার? মাখন মাখানো হাত?’

একইভাবে কাল আবুধাবিতেও ম্যাচের আগে ফখর জামান-হারিস সোহেলরা কী খেয়ে নেমেছিলেন সেই তদন্ত হতেই পারে। নইলে পাঁচটি ক্যাচ মিসের ব্যাখ্যা কী? এর মধ্যে আবার তিন-তিনটি ক্যাচ মিস হয়েছে অভিষিক্ত শাহীন আফ্রিদির ডেলিভারিতে। পোড়া কপাল তাঁর! আফ্রিদির করা অষ্টম ওভারের প্রথম দুই বলেই দুটি ক্যাচ মিস! প্রথম বলে ফখর জামান ক্যাচ ছাড়েন মিড অনে পরের বলে শর্ট ফাইন লেগে উসমান খান।

এরপর ৪২তম ওভারে আবারও তাঁর বলে ক্যাচ মিস। এবার ডিপ স্কয়ার লেগ অঞ্চলে লোপ্পা ক্যাচ মানে ক্রিকেটীয় অভিধানে যাক বলে ‘ডলি’—ছেড়ে দেন হারিস সোহেল। অভিষেক ম্যাচেই ৩৮ রানে ২ উইকেট নেওয়া শাহীনের তাই উইকেটসংখ্যা বাড়তে পারত। তবে অভিষেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে কারও ঈর্ষা হওয়ার কথা নয়। না, বোলিং খারাপ করেননি। ১০ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেওয়া বেশ ভালো বোলিং। ওই তিনটি ক্যাচ নিতে পারলে বাড়ত উইকেটসংখ্যাও। তখন হয়তো বলা যেত রাঙানো অভিষেক। কিন্তু তা ঘটেনি, সেটি ওই তিনটি ক্যাচ ছাড়ার জন্য নয়, শাহীন নিজে আরও দুটি ক্যাচ ছাড়ার জন্য!

ভুল পড়েননি। পাঁচটি ক্যাচ মিসের খেরোখাতায় শাহীনের নামও আছে। মোহাম্মদ নওয়াজের করা ৩৮তম ওভারে আসগর আফগানের তুলে মারা বল লং অফে ভুল পজিশনে থাকায় লুফতে পারেননি শাহীন। এরপর ৪৩তম ওভারে সেই নওয়াজের বলেই শর্ট ফাইন লেগে আবারও তাঁর ক্যাচ মিস! অর্থাৎ শাহীন নিজে দুটি ক্যাচ ছেড়েছেন আর তাঁর বলে সতীর্থরা ছেড়েছে আরও তিনটি। অভিষেকেই কেউ এমন অভিজ্ঞতার শিকার হয়েছে কি না, তা সত্যিই গবেষণার বিষয়। তবে এই পাঁচটি ক্যাচ নিতে পারলে আফগানদের আরও কম রানে বেঁধে ফেলতে পারত পাকিস্তান। তাতে পরে ব্যাটিংয়ে নেমে অন্তত হাঁসফাঁস করে জয় তুলে নেওয়ার বেগ পেতে হতো না শোয়েব মালিক-মোহাম্মদ নওয়াজদের।