পাকিস্তানি ব্যাটসম্যান পেছনে ফেলেছেন কোহলিদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিস্ট ‘এ’তে এমনই দুর্দান্ত ফর্মে আছেন, কোহলিদেরও টপকে গেছেন মাসুদ। ফাইল ছবি
লিস্ট ‘এ’তে এমনই দুর্দান্ত ফর্মে আছেন, কোহলিদেরও টপকে গেছেন মাসুদ। ফাইল ছবি

ওয়ানডে ম্যাচে দল জেতানো ইনিংসের জন্য বিরাট কোহলি কিংবা এবি ডি ভিলিয়ার্সের কোনো তুলনা নেই। অবিশ্বাস্য গড়ে, তার চেয়েও বেশি অবিশ্বাস্য গতিতে রান তোলেন এ দুজন। কিন্তু এ দুজনকে টপকে গেছেন এমন এক ব্যাটসম্যান, যাঁকে সবাই টেস্ট ব্যাটসম্যান হিসেবেই ধরে নিয়েছেন। কিন্তু ধীরগতির ইনিংস খেলার জন্য বিখ্যাত শান মাসুদই এক দিনের ক্রিকেটে টপকে গেছেন কোহলি-ডি ভিলিয়ার্সকে।

ওপেনার মাসুদের আন্তর্জাতিক অভিষেক ২০১৩ সালে। পাকিস্তানের হয়ে শুধু টেস্টই খেলার সুযোগ পেয়েছেন কুয়েতে জন্মানো এই ব্যাটসম্যান। ১২ টেস্টে মাত্র একটি সেঞ্চুরি ও ৩টি ফিফটিতে রান করেছেন মাত্র ৫৬৫। গড় ২৪-এর নিচে, স্ট্রাইক রেটও ৪০-এর কাছাকাছি। ফলে শানের আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণ টেস্ট ছাড়িয়ে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে পৌঁছায়নি।
কিন্তু এতে তো ঘরোয়া ক্রিকেটে রান উৎসব থামেনি মাসুদের। এ বছর লিস্ট ‘এ’তে দুর্দান্ত ফর্মে আছেন মাসুদ। গত ১০ ইনিংসে ৩টি সেঞ্চুরি পেয়েছেন, আছে ৪টি ফিফটিও। ১০৯ গড়ে ৭৬৩ রান করেছেন। এতেই ক্যারিয়ারের গড় উঠে গেছে ৫৮.৯৪-তে। লিস্ট ‘এ’ ইতিহাসেই যা সর্বোচ্চ। ওয়ানডেতে ৫৮.১০ গড় থাকলেও লিস্ট ‘এ’তে সেটা ৫৬.৫৬ কোহলির। আর এবি ওয়ানডেতে ১০১ স্ট্রাইক রেটে সাড়ে ৯ হাজার রান করেছেন, গড়টাও খারাপ নয় (৫৩.৫০)। লিস্ট ‘এ’তেও গড় ৫৩.৪৭, কিন্তু আপাতত শান মাসুদ এ দুজনকেও টপকে গেছেন।
পাকিস্তানি ওপেনার টপকে গেছেন লিস্ট ‘এ’র ইতিহাসের সেরা গড়ের মালিক মাইকেল বেভানকেও। অস্ট্রেলিয়ার ‘দ্য ফিনিশার’ ৪২৭ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ার শেষ করেছেন ৫৭.৮৬ গড় নিয়ে। এ বছর দুর্দান্ত ফর্মে থেকে বেভানকেও টপকে গেছেন মাসুদ। এমনকি অন্তত আরও এক ম্যাচ বেভানের ওপরে থাকাটাও নিশ্চিত তাঁর! কিন্তু চিরদিনের জন্য রেকর্ডটা দখল করতে চাইলে অনেক পথ পাড়ি দিতে হবে মাসুদকে।