পাকিস্তানি রাজা আমিরাতের!

২৪ অক্টোবর ১৯৯৬। মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। গড়েছিলেন ইতিহাসের ‘কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটারের’ রেকর্ড। ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে সেদিন যাঁর অভিষেক হয়েছিল, ২০ বছর পর সেই হাসান রাজাই আবার নতুন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। তবে এবার পাকিস্তান নয়, রাজা খেলবেন সংযুক্ত আরব আমিরাতের হয়ে!
পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ১১ বছর আগে। সর্বশেষ ওয়ানডে খেলার স্মৃতিটা ১৭ বছর পুরোনো। কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটার হিসেবে হইচই ফেলে দিলেও মাঠের পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। ৭ টেস্টে ২৬.১১ গড়ে রান ২৩৫। ফিফটি দুটি। ১৬ ওয়ানডেতে গড় আরও খারাপ—মাত্র ১৮.৬১। ফিফটি মাত্র একটি।
৩৪ বছর বয়সী রাজা এখন আমিরাতের স্থায়ী বাসিন্দা। আইসিসির নিয়মানুযায়ী, আর মাস পাঁচেকের মধ্যেই তিনি আমিরাতের হয়ে খেলার যোগ্যতাও অর্জন করবেন। তিন বছর ধরে আমিরাতের ঘরোয়া ক্রিকেটে খেলা রাজার যেন তর সইছে না, ‘যত জলদি পারা যায় আমিরাতের হয়ে খেলতে চাই আমি।’ জি নিউজ।