পাকিস্তানি সমর্থকদের হতাশায় রেখেছে ইংল্যান্ড

>চেস্টার লি স্ট্রিটে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে ইংল্যান্ড
পাকিস্তানের সমর্থকেরা আজ নিউজিল্যান্ডের সমর্থক। চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ড আজ হারলে পাকিস্তানের সুবিধা। তখন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে সরফরাজ আহমেদের দলের। কিন্তু কিউইদের শুরুর বোলিংয়ে কিংবা জ্যাসন রয়-জনি বেয়ারস্টোর শুরুর জুটিতে পাকিস্তান সমর্থকেরা হতাশ হতেই পারেন। ১৫ ওভার পেরিয়ে গেলেও কিউইরা যে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙতে পারেননি। ১৯তম ওভারে এসে জ্যাসন রয়কে (৬০) তুলে নিতে পেরেছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৬১।
টস জিতে ইংল্যান্ডের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা প্রথম বলেই ভুল প্রমাণের দিকে যেতে পারত। স্পিনার মিচেল স্যান্টনারের হাতে নতুন বল তুলে দিয়ে দীপক প্যাটেলের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। স্যান্টনারের প্রথম বলেই বড় বাঁচা বেঁচে যান ইংলিশ ওপেনার জ্যাসন রয়। বাঁ হাতি এ স্পিনারের ‘আর্মার’ অফ স্ট্যাম্পের বাইরে থেকে বেশ গতিতে ঢুকেছে স্টাম্পে। রয় কাট করার চেষ্টা করলেও বল সীমানা পার হয়েছে ব্যাট ও স্টাম্প ফাঁকি দিয়ে! এরপর অবশ্য সেই চেনা ইংল্যান্ডই।
টিম সাউদির ২ ওভার থেকেই ২৩ রান তুলেছেন রয়-বেয়ারস্টো জুটি। কিউই পেসারের প্রথম ওভারে দুটি আর তাঁর পরের ওভারে টানা তিনটি চার মেরেছেন বেয়ারস্টো। ৭৩ বলে ৭৬ রানে ব্যাট করছিলেন বেয়ারস্টো। রয় অন্য প্রান্তে আছেন জো রুট। ১৬ বলে ১৬ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। রয়–বেয়ারস্টোর ব্যাটিংয়ের সময় মজার একটা দৃশ্যও দেখা গেছে মাঠে। সীমানায় রাখা পিচের কভারের মধ্যে বল ঢুকে গিয়েছিল। বলটা খুঁজে বের করতে বেশ কষ্টই করতে হয়েছে টম লাথাম ও স্যান্টনারকে।