পাকিস্তানিদের আইপিএলে চান জহির আব্বাস
বিশ্বের বড় বড় টি-টোয়েন্টি লিগগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের অনেক কদর। কিন্তু ঘরের পাশে আয়োজিত সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ আইপিএলে খেলার অধিকার নেই তাঁদের। দেখতে দেখতে আইপিএলের নয়টি আসর শেষ প্রায়। ২০০৮ সালে প্রথম আইপিএলে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেললেও রাজনৈতিক কারণে পরে তাঁরা ব্রাত্য হয়ে পড়েন ক্রিকেট-দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ও অর্থকরী এই টি-টোয়েন্টি লিগে।
আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস এই অবস্থার পরিবর্তন চান। তিনি মনে করেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেললে এই প্রতিযোগিতার সুনাম ও মর্যাদা দুই-ই বাড়বে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ভারতীয় কর্মকর্তাদের অনুরোধ জানাবেন, তাঁরা যেন পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণে কয়েক দিনের মধ্যেই তিনি বেঙ্গালুরু যাচ্ছেন আইপিএলের ফাইনাল দেখতে। এই সুযোগে সেখানেই বিষয়টি নিয়ে আলাপ করতে চান, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলের মর্যাদা বাড়াবে। এই প্রতিযোগিতার গুরুত্বও বেড়ে যাবে পাকিস্তানিদের কল্যাণে। আমি বিসিসিআইয়ের কর্তাদের অনুরোধ জানাব, তাঁরা যেন আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়টা নতুন করে ভেবে দেখেন।’
লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জহির আব্বাস জানিয়েছেন, এই সফরে তিনি ভারত-পাকিস্তান আপাত স্থগিত দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও আলোচনা করবেন, ‘এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়ে দুই দেশের সরকারি বাধাগুলো দূর হওয়া দরকার। আমি ভারত সফরে ব্যাপারটা নিয়ে আলাপ-আলোচনা করব। যদিও এটা এখন পুরোপুরিই দুই দেশের সরকারের হাতে।’ আইসিসির সভাপতি হিসেবে জহির আব্বাসের এক বছরের মেয়াদ শেষ হচ্ছে এই জুলাই মাসে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতে চলেছেন তিনি। পিটিআই।