পাকিস্তানিদের 'কষ্টে'র বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি ক্রিকেটাররা মোটেও ভালো খেলতে পারেননি এবারের বিপিএলে। ছবি: প্রথম আলো।
পাকিস্তানি ক্রিকেটাররা মোটেও ভালো খেলতে পারেননি এবারের বিপিএলে। ছবি: প্রথম আলো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে অনেকেই দেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে ‘বাংলাদেশ-পাকিস্তান লিগ’ হিসেবে অভিহিত করেছিলেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্যই রসিকজনকে এমন মন্তব্য করতে বাধ্য করেছিল। কিন্তু পাকিস্তানের শীর্ষ অনেক তারকা ক্রিকেটারের জন্যই এবারের বিপিএল নাকি কষ্টের অপর নাম হয়ে থাকছে। কারণ, অনেকেই এবারের বিপিএলে নিয়মিত খেলার সুযোগ পাননি।
২০১২ সালে প্রথম বিপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই পাকিস্তানি ক্রিকেটাররা রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় সংস্করণে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের তৃতীয় আসরের আগে অনেক পাকিস্তানি তারকাই বিপিএলকে নিজেদের ঝালিয়ে নেওয়ার উপলক্ষ বানালেও তৃতীয় আসর তাদের হতাশই করেছে।
মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ, সোহাইল খান, নাসির জামশেদ, সোহেল তানভীর, মোহাম্মদ আমির, মোহাম্মদ সামিসহ মোট আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এবারের বিপিএলে খেলতে এসেছিলেন। কিন্তু এঁদের মধ্যে কেবল নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন হাতে গোনা দুই-একজন।
পারফরম্যান্সের কারণেই মূলত এবারের বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের স্থান হয়েছে ডাগ আউটে। মিসবাহ, হাফিজ, শেহজাদ, মালিক, কামরান কিংবা উমর আকমল—নিজেদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি কেউই। অন্যদিকে পারফরম্যান্স দিয়েই চিটাগং ভাইকিংসের অন্যতম সেরা ভরসা হয়ে ছিলেন স্পট ফিক্সিংয়ের শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির। পাকিস্তান জাতীয় দলের দরজা অনেক দিন আগে বন্ধ হয়ে গেলেও নিজের ক্ষুরধার বোলিং দিয়ে বরিশাল বুলসের বোলিং আক্রমণের নেতৃত্বটা নিয়মিতই ছিল মোহাম্মদ সামির হাতে। অখ্যাত হয়েও কেবল পারফরম্যান্সের গুণেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বড় ভরসা হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান-অলরাউন্ডার আসহার জাইদি।
বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক আলাপচারিতায় বিপিএলে নিয়মিত খেলতে না পারায় নিজের ক্ষোভের কথাই জানিয়েছেন উমর আকমল। তিনি বলেছেন, ‘আমি আমার ফ্র্যাঞ্চাইজি মালিকদের আগে থেকেই বলে দিয়েছিলাম যে বিপিএলে আমি ওপেন করব। কিন্তু দুই ম্যাচ পর তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি।’
বিপিএলে নিয়মিত খেলতে না পারার ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, ‘আমি কেবল অর্থের জন্য বিপিএলে যাইনি। ওখানে খেলে আমি নির্বাচকদের একটা বার্তা দিতে চেয়েছিলাম।’
বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় নিয়মিত খেলতে না পেরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে ‘বিমাতাসুলভ’ আচরণেরও অভিযোগ এনেছেন। ওয়াহাব রিয়াজ নাকি নিয়মিত খেলতে না পেরে লাহোরের একটি ফ্যাশন শোতে অংশ নেওয়াই শ্রেয় মনে করেছেন। ওয়াহাবের অবশ্য নিজের চেয়ে মিসবাহ-উল-হকের জন্যই দুঃখটা বেশি, ‘বেশিরভাগ ম্যাচে উপেক্ষার শিকার হওয়া মেনে নেওয়া খুব সহজ ব্যাপার নয়। মিসবাহর জন্য ব্যাপারটা ছিল বেশি কঠিন। তবে সে নিজেকে সেই পরিস্থিতিতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিল।’
মিসবাহ অবশ্য পুরো বিষয়টিই দলের মালিকদের ওপর ছেড়ে দিতে চেয়েছেন, ‘আমি এসব নিয়ে আর কী বল! আমার মনে হয় দলের মালিক ও কোচরাই এই ব্যাপারটি ভালো বলতে পারবে।’
এদিকে পাকিস্তানি খেলোয়াড়দের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিটাগং ভাইকিংসের টেকনিক্যাল উপদেষ্টা আকরাম খান। প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানিদের খেলাতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকার তো কোনো কারণ নেই। প্রতিটি ম্যাচে কন্ডিশন আর টিম কম্বিনেশনের কথা মাথায় রাখা হয়, তার ওপর একটি ম্যাচে বিদেশি খেলানোর কথা চারজন।’
আকরাম বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের যে পরিমাণ অর্থ দিয়ে নিয়ে আসা হয়েছে, সে তুলনায় তাদের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। যাদের পারফরম্যান্স ভালো ছিল তারা দলগুলোতে নিয়মিতই সুযোগ পেয়েছেন।’ বিমাতাসুলভ আচরণের ব্যাপারটির কোনো ভিত্তি নেই বলেই জানিয়েছেন আকরাম।