পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রথম সফরে ছিল ‘খুন’, পাটের তৈরি উইকেট

ইয়ান জনসন ছিলেন ১৯৫৬ সালে অস্ট্রেলিয়া দলের অধিনায়কছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালে শেষবার পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে ২৪টি বছর। প্যাট কামিন্সের নেতৃত্বে দুই যুগ পর পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার আরও একটি সফর পুরোনো দিনের অনেক গল্পই সামনে নিয়ে আসছে।

পাকিস্তান–অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই বড় শক্তি। এই দুই দেশের টেস্ট লড়াই সব সময়ই জন্ম দিয়েছে নানা রোমাঞ্চের। নতুন রোমাঞ্চের স্বাদ নেওয়ার আগে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল পুরোনো দিনের গল্পে। তা ৬৬ বছর আগে অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তান সফরটা কেমন ছিল!

১৯৫৬ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ হেরেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজ জিম লেকারের সেই এক ইনিংসে ১০ উইকেট কীর্তির জন্য ইতিহাসে অমর। ২–১ ব্যবধানে সিরিজ হেরে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পা দিয়েছিল পাকিস্তানে। করাচিতেই হয়েছিল সফরের একমাত্র টেস্টটি। যাতে ফজল মাহমুদের বোলিংয়ের তোপে উড়ে গিয়েছিল ইয়ান জনসনের অস্ট্রেলিয়া। পাটের তৈরি ম্যাটিং উইকেট সেবার বেজায় ভুগিয়েছিল অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত ম্যাচটি তারা হেরেছিল ৯ উইকেটে।

১৯৫৬ সালে করাচির সেই টেস্ট হয়েছিল পাটের তৈরি উইকেটে
ছবি: সংগৃহীত

২৪ বছর অস্ট্রেলীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে না আসার ব্যাপারটি নিরাপত্তাজনিত। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে পাকিস্তান দেশ হিসেবে বিদেশিদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে যেতে থাকে। উগ্রবাদীদের চারণভূমি হয়ে ওঠে দেশটি। একের পর এক বোমা হামলা আর সে কারণে নিরীহ মানুষের মৃত্যু—পাকিস্তানকে পরিণত করে ভয়ংকর এক দেশে। শুনলে অবাকই হতে হয়, ১৯৫৬ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের প্রথম পাকিস্তান সফরের সময়টাও কিন্তু পাকিস্তান ছিল ‘অনিরাপদ’।

১৯৫৬ সালের ১১ অক্টোবর করাচিতে শুরু হয়েছিল সফরের একমাত্র টেস্টটি। ১৪ অক্টোবর আততায়ীর হাতে নিহত হন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। রাজনৈতিক সহিংসতার মধ্যেই অস্ট্রেলিয়া–পাকিস্তান টেস্ট চলেছিল।

টেস্ট চলার সময়ই রাওয়ালপিন্ডিতে আততায়ীর হাতে নিহত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড থেকে রোম হয়ে অস্ট্রেলিয়া দল করাচিতে পৌঁছেছিল ৯ অক্টোবর, টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে। ফ্লাইট সূচির সমস্যার কারণেই এমনটি হয়েছিল রিচি বেনো–নিল হার্ভেদের। করাচিতে নেমে টেস্টের আগের দিন কোনোমতে অনুশীলন করেই মাঠে নামেন তাঁরা। বিশ্রামহীনতা যদি সমস্যা হয়, তাহলে সেই সফরে অস্ট্রেলীয় দলের জন্য আরও বড় সমস্যা ছিল ম্যাটিং উইকেট। সেই সঙ্গে ছিল করাচির তীব্র গরম ও আর্দ্রতা। পাটের তৈরি সেই পিচে ফজল মাহমুদ, খান মোহাম্মদদের মতো পাকিস্তানি গতিশীল বোলাররা হয়ে উঠেছিলেন অননুমেয়। টেস্টের প্রথম দিন ৮০ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। লো স্কোরিং সেই টেস্টে ৬৯ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় মাত্র ১ উইকেট হারিয়ে।