পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উদ্যোগী আইসিসি

পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট হয়েছে আজ থেকে আট বছর আগে। ২০০৯ সালের মার্চে একটি টেস্ট সিরিজ চলার সময়ই লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার ভয়ংকর ঘটনা ঘটে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পাকিস্তানের নামের পাশে পড়ে গেছে লাল কালির দাগ। যেটি ওঠেনি এখনো। এর মাঝে যদিও জিম্বাবুয়ে-আফগানিস্তান পাকিস্তান সফর করেছে, হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএলের ফাইনাল, তবুও আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের নির্বাসন দশা কাটেনি।
আগেই শোনা গিয়েছিল, পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নিচ্ছে আইসিসি। এর অংশ হিসেবে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলাতে বিশ্ব একাদশ পাঠাতে চাচ্ছে তারা। ম্যাচ তিনটিকে দেওয়া হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাই। লন্ডনে বার্ষিক সভায় আইসিসি জানিয়েছে, পাকিস্তানের মাটিতে এই ম্যাচ আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানানো হবে সময় মতোই।
ওভালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতার পর পাকিস্তান ক্রিকেট নিজেদের অন্য উচ্চতাতেই দেখেছে। দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ার সহানুভূতিটাও মিলছে আলাদা করে। কোচ মিকি আর্থার ফাইনালের পরপরই বিশ্ব একাদশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদ জানিয়েছিলেন। তিনি মনে করেন, ‘বিশ্ব একাদশ সফর করলে অন্যরাও পাকিস্তানে আসতে উৎসাহিত হবে।’ সূত্র: এএফপি