পাকিস্তানে ঈদের পর 'ক্রিকেট বাঁচাও' আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি: টুইটার
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি: টুইটার
>ঈদের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে যাবে দেশটির সাবেক টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটাররা

পাকিস্তান ক্রিকেটে সমস্যার শেষ নেই। ম্যাচ পাতানো, বিতর্ক, কোন্দল লেগেই থাকে। সাবেকরা কিছুদিন পর পরই পালা করে বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন। কিন্তু এবার আর শুধু সমালোচনায় তারা থামছে না। ঈদের পর নামছে আন্দোলনে!

দেশটির সংবাদমাধ্যম 'দ্য নিউজ'কে এমন তথ্যই জানিয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক সূত্র। টেস্ট ও প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিলুপ্ত ১৬টি আঞ্চলিক অ্যাসোসিয়েশনের প্রধানেরাও ঈদের পর আন্দোলনে নামবেন বলে জানা গেছে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিমালার বিরুদ্ধে এই যুগ্ম আন্দোলন চালানোর প্রস্তুতি নিচ্ছেন তারা।

সেই সূত্র জানিয়েছে, ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ঈদের পরই সংবাদ সম্মেলন করে আন্দোলনের ডাক দেওয়ার প্রস্তুতি চলছে। 'খেলাটিকে ধ্বংস থেকে বাঁচাতে' এই আন্দোলন আদালত পর্যন্তও গড়াতে পারে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংবাদমাধ্যমটিকে।

করোনা মহামারির মধ্যে বেশিরভাগ ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছে। খরচ বাঁচিয়ে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পাশে দাঁড়াচ্ছে তারা। কিন্তু পিসিবির এ নিয়ে নাকি কোনো ভ্রক্ষেপ নেই। ঘরোয়া ক্রিকেটাররা বেকার বসে থাকলেও বোর্ডের কর্মকর্তারা মোটা অঙ্কের বেতন পেয়ে যাচ্ছেন। সূত্রটি জানায়, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে জড়িত পিসিবির কিছু বিভাগ 'অবিচার'-এর বিরুদ্ধে এ আন্দোলনে সমর্থন দিচ্ছেন সাবেকদের।

সেই সূত্রের দাবি, বোর্ডের কিছু বিভাগের সমর্থন আছে। পাকিস্তানজুড়ে এই 'ক্রিকেট বাঁচাও' আন্দোলনে থাকবেন প্রায় দুই শ-র মতো প্রথম সারির ক্রিকেটার।
এই অন্যায়ের বিপক্ষে আন্দোলনের জন্য ঘরোয়া ক্রিকেটের সঙ্গে অংশ হয়ে থাকা সেই বিভাগগুলো খেলোয়াড়দের সমর্থন দিচ্ছে। তাদের পেছনে শীর্ষস্থানীয় প্রায় ২০০ ক্রিকেটার আছেন বলে জানিয়েছেন তিনি। যারা একসঙ্গে দেশব্যাপী ক্রিকেট বাঁচাও আন্দোলন শুরু করতে চায়।