পাকিস্তানে খেলবে বিশ্ব একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না প্রায় আট বছর ধরে। সংযুক্ত আরব আমিরাতকে ঘর বানিয়ে সেখানেই নিজেদের ম্যাচগুলো খেলতে হচ্ছে পাকিস্তানকে। অথচ সেই পাকিস্তানই সবাইকে চমকে দিয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফির সেরা! এই সাফল্যই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে আরও উদ্যোগী করে তুলেছে আইসিসিকে। যার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে লাহোরে বিশ্ব একাদশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে পাকিস্তান।

২০০৯ সালে সফররত শ্রীলঙ্কা দলের বাসে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় নিষিদ্ধই হয়ে আছে। মাঝে যদিও জিম্বাবুয়ে-আফগানিস্তান সংক্ষিপ্ত সফরে গেছে, হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএলের ফাইনাল। কিন্তু বড় দলগুলোর কোনোটাই এর মধ্যে পাকিস্তান সফর করেনি।

তবে বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উপায় খুঁজছে আইসিসি। গত মার্চে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সভাপতি এবং আইসিসির পাকিস্তান টাস্কফোর্সের প্রধান জাইলস ক্লার্কই বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেটামোদী দর্শকদের নিজের দেশের মাটিতে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলতে দেখার সুযোগ করে দেওয়ার কথা ভাবছে আইসিসি। আর সবচেয়ে বড় কথা, সন্ত্রাস কখনো জিততে পারে না। ক্রিকেট-বিশ্বের উচিত হবে না পাকিস্তানকে নিয়ে হাল ছেড়ে দেওয়া।

সম্প্রতি ওভালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট। ওই ফাইনালের পরই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার জানিয়েছিলেন, সেপ্টেম্বরে বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানে তিন ম্যাচের একটি সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। লন্ডনে সদ্য সমাপ্ত বার্ষিক সভা শেষে আইসিসিও জানিয়েছে, পাকিস্তানের মাঠে এই সিরিজ আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছে তারা। পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলাতে বিশ্ব একাদশ পাঠাতে চাইছে তারা। ম্যাচ তিনটিকেও দেওয়া হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা।

কে জানে, এই সিরিজ দিয়েই হয়তো খুলে যেতে পারে পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথটাও। এএফপি।