পাকিস্তানে খেলার পরিবেশও চায় বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। প্রথম আলো ফাইল ছবি
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। প্রথম আলো ফাইল ছবি
>

আগে টি-টোয়েন্টি খেলে পরিস্থিতি বুঝে সম্ভব হলে পরে পাকিস্তানে টেস্ট দল পাঠাতে চায় বিসিবি। তার আগে সেখানে খেলার পরিবেশটাও চায় তারা।

সামনে-পেছনে সাঁজোয়া যান। দুই পাশে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের মোটর ‘শোভাযাত্রা’। শুধু রাস্তার ধারে খেলোয়াড়দের দেখতে কৌতূহলী মানুষের ভিড়টাই নেই। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় জনমানবহীন সড়কে ক্রিকেটারদের বাস ছুটে চলেছে স্টেডিয়াম অভিমুখে। যেন কোনো সেনাদলের যুদ্ধযাত্রা!

স্টেডিয়াম গেটে পৌঁছেও হয়তো চোখে পড়বে বালুর বস্তার বাংকার। আড়াল থেকে উঁকি দিচ্ছে নিরাপত্তারক্ষীর জলপাইরঙা হেলমেট। বন্দুকের নলটা কি একটু ঝিলিক দিয়ে গেল সূর্যের আলো পড়ে! ম্যাচের দিনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতভাবেই থাকবে আরও জোরদার। আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছেন মানে যাত্রাপথের পরিবেশেও খেলার একটা আমেজ আশা করবেন। সবখানেই তা থাকে। কিন্তু খেলাটা যদি হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থার মোড়কে পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়াম কিংবা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, স্টেডিয়ামের আগে কয়েক কিলোমিটার সৈন্যসামন্তই চোখে পড়বে বেশি। খেলোয়াড়দের মাথায় তখন আর মাঠ-উইকেট থাকে না। বাসের জানালায় চোখ রেখে হয়তো একজন আরেকজনের কাছে জানতে চাইবেন, ‘ওটা একে-৪৭ না মেশিনগান রে!’

‘বিশেষ নিরাপত্তা’ ব্যবস্থার প্রতিশ্রুতিতে আস্থা রেখে পাকিস্তানে খেলতে গেলে এ রকম পরিস্থিতি দেখার সম্ভাবনাই বেশি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হয়তো দাবি করবে, এমন নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে বাংলাদেশের ক্রিকেটারদের ফুলের টোকাটিও কেউ দিতে পারবে না। কিন্তু আগামী মাসের পাকিস্তান সফর সামনে রেখে বিসিবির চিন্তা ভিন্ন। বিসিবিও মোটামুটি নিশ্চিত যে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি রাখবে না পাকিস্তান। সেটির ফাঁক গলে অনভিপ্রেত কিছু ঘটার আশঙ্কা ক্ষীণ। কিন্তু খেলতে গিয়ে যদি খেলার পরিবেশটাই না পাওয়া যায়, নিশ্ছিদ্র নিরাপত্তার নামে মাঠ-হোটেল সর্বত্র দমবন্ধ এক পরিস্থিতির মধ্যে থাকতে হয়, সারাক্ষণ চোখের সামনে পুলিশ-মিলিটারির আনাগোনা থাকে, তাহলে সেই খেলায় আসলে খেলার মেজাজ কতটা থাকবে? এসবে অনভ্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা লম্বা সময় ধরে কি পারবেন খেলায় মনোযোগ ধরে রাখতে? সে জন্যই বিসিবির প্রস্তাব ছিল, রুদ্ধশ্বাস আবহে বেশি দিন পাকিস্তানে না খেলে আপাতত বাংলাদেশ দল সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলে আসুক। পরে নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলবে দুটি টেস্ট।

বিসিবির এই প্রস্তাবের গণবিরোধিতাই যেন শুরু হলো পাকিস্তানে। কোচ মিসবাহ-উল-হক বিস্ময় প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ কেন পাকিস্তান সফরে টেস্ট খেলতে চাচ্ছে না, সেটি তাঁর বোধগম্য নয়। এক দিন পর অধিনায়ক আজহার আলী ও পিসিবিপ্রধান এহসান মানি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রীতিমতো ভয়ই দেখালেন। এখন থেকে পাকিস্তানের সব হোম সিরিজ তাদের নিজেদের দেশেই হবে জানিয়ে মানি বলেছেন, বাংলাদেশ সেখানে টেস্ট খেলতে না চাইলে তাঁরা আইসিসির কাছে নালিশ জানাবেন।

এত দিন এসব নিয়ে প্রকাশ্যে পাল্টা বক্তব্য দেয়নি বিসিবি। তবে ই-মেইলে দুই পক্ষের আলোচনায় বরাবরই নিজেদের অবস্থান পরিষ্কার করে আসছে তারা। কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমে আবারও জানালেন, ‘পাকিস্তানের এখন যে অবস্থা, তাতে তারা চাইবে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট পুরোমাত্রায় ফিরে আসুক। আমরাও চাই তাদের সাহায্য করতে। কিন্তু নিরাপত্তাব্যবস্থার সঙ্গে ম্যাচ খেলার মতো পরিবেশ থাকাটাও তো জরুরি। একটা ম্যাচের সঙ্গে খেলোয়াড়, দেশি-বিদেশি কোচিং স্টাফরা সম্পৃক্ত থাকেন। সবাই-ই এই বিষয়টার ওপর জোর দিচ্ছেন। সে জন্যই লম্বা সময় পাকিস্তানে না থেকে বিকল্প কিছুর প্রস্তাব দেওয়া।’

প্রথমে বিসিবির প্রস্তাব ছিল জানুয়ারিতে পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে পরে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার। টি-টোয়েন্টি তিনটির সম্ভাব্য তারিখ ২৩, ২৫ ও ২৭ জানুয়ারি। কিন্তু পিসিবির অনড় অবস্থানের কারণে নিজেদের অবস্থানও কিছুটা বদলেছে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী কাল বলছিলেন, ‘আমাদের প্রাথমিক প্রস্তাব হচ্ছে, আমরা যদি সীমিত সময়ের জন্য পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসতে পারি তাহলে খেলোয়াড়-কোচ সবাই ওখানকার সার্বিক পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবে। একটা মূল্যায়ন করতে পারবে। যার ওপর ভিত্তি করে আমরা টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব।’ শ্রীলঙ্কাও সম্প্রতি তা-ই করেছে। গত সেপ্টেম্বর-অক্টোবরে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে গেছে ডিসেম্বরে। ২০০৯ সালের পর শ্রীলঙ্কাই প্রথম টেস্ট খেলল দেশটিতে। পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে আপত্তি জানানোয় এখন শ্রীলঙ্কার উদাহরণ সামনে রেখে এগোতে চাচ্ছে বিসিবি।

তবে আইসিসির কাছে নালিশ জানানোর যে হুমকি এহসান মানি দিয়েছেন, সেটিকে বিসিবি তেমন গুরুত্ব দিচ্ছে না বলেই জানা গেছে। কারণ বর্তমান ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) নিয়মে দুই বোর্ডের আলোচনায় আইসিসির সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই বললেই চলে। খুব জটিল পরিস্থিতি হলে তারা শুধু মধ্যস্থতাই করতে পারে।