পাকিস্তানে জিম্বাবুয়ে বরণ
লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের উড়ানটা এসে নামল কাল স্থানীয় সময় বেলা পৌনে দুইটায়। কালো প্যান্টের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের লোগো ছাপা লাল পোলো টি-শার্ট পরা খেলোয়াড়েরা একে একে নেমে এলেন। ১৬ জন। সঙ্গে নয়জন টিম অফিশিয়াল আর পাঁচজন বোর্ড কর্মকর্তা মিলে ৩০ জনের বহর। কিন্তু সেই ৩০ জনকে নিরাপত্তা দিতেই লাহোর বিমানবন্দরে শত শত পুলিশ!
ফুলের তোড়ায় বরণ করা হলো সবাইকে। উষ্ণ অভ্যর্থনা দিতে বিমানবন্দরে উপস্থিত পাকিস্তান সরকারের দুই মন্ত্রীসহ পিসিবির প্রায় সব ঊর্ধ্বতন কর্মকর্তা। সবারই মুখে হাসি। এটিই স্বাভাবিক। জিম্বাবুয়ের এই সফর দিয়েই তো প্রায় ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে!
বিমানবন্দর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছে জিম্বাবুয়ে দলকে। ওই পথটুকু নিয়ে যাওয়া হলো একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে। জিম্বাবুয়ের টিম বাস রওনা করার অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাস্তায় গাড়ি চলাচল। দুপাশের দোকানপাট, পেট্রল স্টেশনও। অভ্যর্থনা, নিরাপত্তা—সব মিলিয়ে বেশ সন্তুষ্ট জিম্বাবুয়ে খেলোয়াড়েরা। হোটেলে পৌঁছেই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজা টুইট করেছেন, ‘খোলা হৃদয় আর হাসিমুখের অভ্যর্থনা পেয়েছি পাকিস্তানিদের কাছ থেকে।’ অলরাউন্ডার শন উইলিয়ামসের টুইট, ‘লাহোরে ভালো আছি, নিরাপদে আছি। এখন বিশ্রামের সময়। অনুশীলন কাল থেকে।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীদের হামলার পর শীর্ষ কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলেনি। এখনো পাকিস্তান নিরাপদ নয় সিদ্ধান্তে পৌঁছে এই সিরিজের জন্য আইসিসি কোনো আম্পায়ার ও ম্যাচ রেফারি পাঠাচ্ছে না। ঝুঁকি আছে বলেই জিম্বাবুয়ে ক্রিকেটও অনেক দোদুল্যমানতায় ভুগেছে। শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে রাজি হওয়ায় জিম্বাবুয়ে দলকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার, ‘প্রথমত, ওরা যা করছে সেটা খুবই মহৎ কাজ। ওরা নিজে থেকেই সব রকম ঝুঁকি নিয়েছে। এ জন্য তাদের অভিনন্দন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ আইপিএলে ধারাভাষ্য দিয়ে শোয়েব এখন ভারতে। সেখান থেকেই কামনা করলেন জিম্বাবুয়ের নিরাপদ পাকিস্তান সফর, ‘আমি চাই ওদের সফরটা নিরাপদ হোক। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তবে সফরটা ভালোয় ভালোয় শেষ না হওয়া পর্যন্ত শোয়েবও খুব উদ্বেগে আছেন। সেটি গোপনও করেননি, ‘অন্য অনেকের মতো আমিও কিছুটা ভীত। সবার মতোই আমিও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এটা একটা বড় পদক্ষেপ। কিন্তু সফরটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার এই উদ্বেগ ও ভয় থাকবে। পুরো পাকিস্তানের মতো আমিও ওদের নিরাপত্তার জন্য প্রার্থনা করব।’ ক্রিকইনফো, উইজডেন ইন্ডিয়া।