পাকিস্তানে তিনটি সিরিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বলেছে, পাকিস্তানে দল পাঠাবে তারা। অপেক্ষা শুধু সরকারের অনুমতির। শ্রীলঙ্কার আগে পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ‘বিশ্ব একাদশের’ও। কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিল শুধু এই দুটি দলই নয়, পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজও।

কাল লাহোরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খবর দিলেন পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান নাজাম শেঠি, ‘আমরা ইতিবাচক সংকেত পাচ্ছি। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যাচ্ছে।’

সেপ্টেম্বরে পাকিস্তানে যাওয়ার কথা বিশ্ব একাদশের। এরপর অক্টোবরে একটি টি-টোয়েন্টি খেলতে যাবে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজটা হবে আরও এক মাস পরে। পাকিস্তানে আবারও বড় মাপের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই তিনটি সফরকে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপরে জঙ্গি হামলার পর ২০১৫ সালে শুধু জিম্বাবুয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তানে। ২০০৯ সালের সেই হামলায় নিহত হন আটজন, শ্রীলঙ্কার সাত ক্রিকেটারসহ আহত হয়েছিলেন আরও অনেকে। পিসিবি প্রধান বলেছেন, সেই লাহোরেই একমাত্র টি-টোয়েন্টিটি খেলবে শ্রীলঙ্কা। আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ব একাদশের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শেঠি। এএফপি।