পাকিস্তানে দল পাঠাচ্ছে শ্রীলঙ্কা

নিউজিল্যান্ড পাকিস্তানের মাটি থেকে ফিরে গেছে, পাকিস্তান সফরে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইংল্যান্ডওছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে পাকিস্তানের মাটি থেকে কোনো ম্যাচ না খেলে ফিরে গেছে। ইংল্যান্ড জানিয়ে দিয়েছে, এই মাসে তাদের ছেলেদের ও মেয়েদের দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও তারা দল পাঠাবে না। এরপর পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন পড়ে গিয়েছিল ঘোর শঙ্কায়। কিন্তু এমন মুহূর্তে শ্রীলঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাচ্ছে পাকিস্তানের প্রতি।

এই মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেয়েদের জাতীয় দলকে পাকিস্তান পাঠানোর কথা ভাবছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের মাটিতে এই প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার মেয়েদের দল। যদিও ১৯৯৮ সাল থেকেই একে অন্যের বিপক্ষে খেলে আসছে দল দুটি।

সফরটা শ্রীলঙ্কার মেয়েদের দলের মানসিক শক্তি জোগাতেও বেশ দরকার বলে লিখেছে শ্রীলঙ্কান দৈনিক ডেইলি এফটি। আগামী ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে আইসিসির মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে শ্রীলঙ্কা, তার আগে লঙ্কান মেয়েদের সূচিতে আর কোনো ম্যাচ ছিল না।

১৫ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কার মেয়েদের দল। সফরের সূচি এখনো পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) চূড়ান্ত করে দেয়নি। পাকিস্তান গিয়ে সাত দিনের কোয়ারেন্টিনে থাকবেন লঙ্কান মেয়েরা। সিরিজের তিন ওয়ানডের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

শ্রীলঙ্কার মেয়েরা এর আগে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছেন ২০১৮ সালে, ডাম্বুলায়
ছবি: আইসিসি

পাকিস্তানে এর আগে দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও শ্রীলঙ্কার মেয়েদের দল পাকিস্তান সফর ঠিকই করেছে। তবে ২০০৫-০৬ সালে সেই সফর ছিল করাচিতে মেয়েদের এশিয়া কাপ উপলক্ষে। সেই টুর্নামেন্টে লঙ্কান মেয়েদের দল ফাইনালে উঠেও হেরেছে ভারতের মেয়েদের কাছে।

শ্রীলঙ্কার মেয়েরা এর আগে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছেন ২০১৮ সালে, ডাম্বুলায়। সেই সিরিজে ৩-০ ব্যবধানেই জিতেছে পাকিস্তান। শুধু পাকিস্তানের কথাই কেন, কোনো দলের বিপক্ষেই সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ শ্রীলঙ্কা খেলেছে ২০১৯ সালের অক্টোবরে, অস্ট্রেলিয়ায় সেই সিরিজেও ৩-০ ব্যবধানে হেরেছিল লঙ্কানরা।

নিউজিল্যান্ড নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে পাকিস্তানের মাটি থেকে ফিরে গেছে। ইংল্যান্ডও পাকিস্তান সফরে দল পাঠাবে না। এরপর পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন পড়ে গিয়েছিল ঘোর শঙ্কায়।

এবারের পাকিস্তান সফর নিয়ে শ্রীলঙ্কার মেয়েদের দলের প্রধান কোচ ও শ্রীলঙ্কার ছেলেদের দলের সাবেক ব্যাটসম্যান হাসান তিলকরত্নে বলেছেন, ‘সফরটা হঠাৎ করেই আয়োজন করা হচ্ছে। আমাদের এফটিপি-তে (ভবিষ্যৎ সফরসূচি) এই সিরিজটা ছিল না। বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের শক্তি যাচাই করার জন্য বেশ ভালো সুযোগ এটি।’

গত ১ জুন শ্রীলঙ্কার মেয়েদের দলের কোচের পদে নিয়োগ পাওয়া তিলকরত্নের জন্যও এটি প্রথম সিরিজ। তাঁর কাছে এই সিরিজ গত চার মাসের কাজের মূল্যায়নের সুযোগ, ‘গত দুই মাসে আমরা নিজেদের খেলার উন্নতিতে অনেক পরিশ্রম করেছি। এই মুহূর্তে আমাদের কী অবস্থা, কতটা ভালো দল হয়ে উঠতে পেরেছি আমরা, সেটা মূল্যায়নে এটা দারুণ একটা মাপকাঠি হতে পারে।’

সবকিছু নির্বিঘ্নে এগোলে পাকিস্তান সফর থেকে শ্রীলঙ্কার মেয়েরা দেশে ফিরে যাবেন ২৯ অক্টোবর। জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন ১৫ নভেম্বর।