পাকিস্তানে ম্যাচ ভেসে যাওয়া নিয়ে আইসিসির রসিকতা

সাজ সাজ পড়ে গিয়েছিল করাচিতে। দীর্ঘ এক দশক পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরা বলে কথা! শুক্রবার অধীর আগ্রহ নিয়েই ম্যাচ দেখার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন করাচির ক্রিকেটপ্রেমীরা। বেরসিক বৃষ্টি গুবলেট করে দেয় সব। মাঠে গড়ায়নি পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে। এত বেশি বৃষ্টি হয়েছে যে সিরিজের দ্বিতীয় ওয়ানডের সময়সূচিও পাল্টাতে হয়েছে। করাচিতেই কাল হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচটি। এ নিয়ে এক চোট মজাই করেছে আইসিসি।
করাচি জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে নেওয়ার কথা শুক্রবারই জানিয়ে দেয় আইসিসি। পরশু একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ম্যাচ। আইসিসির টুইটার অ্যাকাউন্ট পরিচালনা কর্তৃপক্ষ এ নিয়ে মজা করতে ছাড়েনি। টুইটারে তাঁরা ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশ্ন রাখে, ‘কখনো শুনেছেন, এত বেশি বৃষ্টি হয়েছে যে খেলা মাঠে গড়ানোর দুই দিন আগেই তা ধুয়ে গেছে?’ টুইটে তাঁরা এ প্রশ্ন করার আগে জানিয়ে দেয় দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য একদিন পিছিয়ে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আলোচনা করেই ম্যাচ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘মাঠকর্মীরা আগামী সপ্তাহে ম্যাচের জন্য যেন মাঠ প্রস্তুত করে তুলতে পারেন সে জন্যই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এ সপ্তাহে প্রচুর বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা রয়েছে।’