পাকিস্তানে যাচ্ছে না শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে বিশ্ব একাদশের পাকিস্তান সফরের সময়েও গাদ্দাফি স্টেডিয়ামের সামনে ছিল নিরাপত্তাবাহিনীর সশস্ত্র প্রহরা। ছবি: এএফপি
গত মাসে বিশ্ব একাদশের পাকিস্তান সফরের সময়েও গাদ্দাফি স্টেডিয়ামের সামনে ছিল নিরাপত্তাবাহিনীর সশস্ত্র প্রহরা। ছবি: এএফপি

দুবাই ও আবুধাবিতে ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা। এর মধ্যে প্রথম দুটি ম্যাচের ভেন্যু আবুধাবি। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা লাহোরে। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটাররা লাহোরে গিয়ে এ ম্যাচ খেলতে রাজি নয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) পাঠানো এক চিঠিতে খেলোয়াড়েরা লাহোরে যাওয়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছেন।

এসএলসি কর্মকর্তারা জানান, পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার ব্যাপারে তাঁরা খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করবেন। সোমবার বোর্ডের নির্বাহী কমিটির বৈঠকেও এ বিষয়টি তোলা হবে। তবে খেলোয়াড়েরা যে লাহোরে না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ব্যাপারটি সে রকম নয়। লঙ্কান ড্রেসিংরুমের মনোভাব অন্তত এ রকম—তাঁরা পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে আগ্রহী নয়। তবে ব্যাপারটা যে গুরুতর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বোর্ডকে পাঠানো সেই চিঠিতে স্বাক্ষর করেছেন চুক্তিবদ্ধ ৪০ লঙ্কান ক্রিকেটার। তাঁদের মধ্যে এক ক্রিকেটার ক্রিকইনফোকে বলেছেন, ‘আমার মনে হয় না খেলোয়াড়েরা তাদের অবস্থান পাল্টাবে।’
২০০৯ সালে লাহোরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা দল। সেবার পাকিস্তান সফররত লঙ্কান দলে ছিলেন বর্তমান দলের সুরঙ্গা লাকমল ও চামারা কাপুগেদেরা। ভয়াবহ সেই হামলার পর পাকিস্তান সফরে যায়নি আর কোনো বড় দল। তাই প্রথম দল হিসেবে পাকিস্তানে ফিরে যেতে রাজি নয় বর্তমান লঙ্কান ক্রিকেট দল।
এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা জানান, পাকিস্তানে লঙ্কান দলের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। বিষয়টি মাথায় রেখে নির্বাহী কমিটির বৈঠকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাসহ বোর্ডের কয়েকজন কর্মকর্তা চাইছেন, দল পাকিস্তানে খেলতে যাক। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ও পাকিস্তানে দল পাঠাতে ইচ্ছুক। আগামী কয়েক দিনের মধ্যেই এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন বোর্ড কর্মকর্তারা। সূত্র: ক্রিকইনফো