পাকিস্তানে যাবে বিশ্ব একাদশ!
২০০৯ সালের ৩ মার্চ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত পাকিস্তান। ২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করলেও টেস্ট খেলুড়ে আর কোনো দল সেখানে খেলতে আগ্রহ দেখায়নি। তবে এ দশা থেকে ‘মুক্তি’র একটা আভাস পাচ্ছে পাকিস্তান।
দুই দিন আগেই লাহোরে হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খানের চোখে এটিই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত করেছে, ‘পাকিস্তানে ক্রিকেট ফিরবে কি ফিরবে না, সেটির ওপর গঠিত (আইসিসির) টাস্কফোর্সের প্রধান জাইলস ক্লার্কের একটা চিঠি পেয়েছি। পিসিএল ফাইনাল সফলভাবে আয়োজন করায় তিনি ভূয়সী প্রশংসা করেছেন। সেপ্টেম্বরে পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।’
২২, ২৩, ২৮ ও ২৯ সেপ্টেম্বর পাকিস্তান একাদশের সঙ্গে বিশ্ব একাদশের চারটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজনের কথা চলছে। নিরাপত্তাব্যবস্থা দেখতে গত জানুয়ারিতে ক্লার্ক যান পাকিস্তানে। শাহরিয়ারের দাবি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান নিরাপত্তা দেখে ভীষণ খুশি। এএফপি।