পাকিস্তানে যাবে মহিলা দল!
জাতীয় ক্রিকেট দলকে নিতে ব্যর্থ হয়ে নানা সময়ে বাংলাদেশের বয়সভিত্তিক দল, মহিলা দল, একাডেমি দল বা কোনো একটি দলকে সফরে নিতে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার বাংলাদেশ সফরে আসার শর্ত হিসেবে ক্ষতিপূরণের পাশাপাশি দাবি ছিল বাংলাদেশের যেকোনো একটি দলকে তাদের দেশে নেওয়ারও। মোটা অঙ্কের ক্ষতিপূরণের বিনিময়ে পাকিস্তান দল শেষ পর্যন্ত আসছে বাংলাদেশে। বাড়তি তথ্য, পাকিস্তান দল বাংলাদেশ সফরে থাকতে থাকতেই পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলও!
চাইলে দুটিকে মেলাতে পারেন, আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পিসিবির আরেক শর্তও পূরণ করছে বিসিবি। তবে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস মহিলা দলের পাকিস্তান যাওয়ার সঙ্গে পাকিস্তান দলের বাংলাদেশে আসার সম্পর্ক নেই বলেই দাবি করলেন। কাল মুঠোফোনে জানালেন, ‘আগামী ৯ থেকে ১৮ মে একটি ক্রিকেট উৎসবের আয়োজন করা হচ্ছে লাহোরে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের মহিলা দলকে। এর সঙ্গে পাকিস্তান দলের বাংলাদেশে আসার কোনো সম্পর্ক নেই।’ বিসিবির পরশুর সভায় এ নিয়ে আলোচনা হলেও জালাল ইউনুস বলেছেন, ‘আমরা এখনো নিশ্চিত করিনি যে দল পাঠাবই। ওরা আমন্ত্রণ জানিয়েছে। আমরা জানতে চেয়েছি, আমাদের দলকে কোন ধরনের নিরাপত্তা দেওয়া হবে, ওই টুর্নামেন্টের মান কেমন, অন্য আরও জাতীয় দল খেলবে কি না এসব। ওরা জবাব দেওয়ার পরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
গত বছরই পাকিস্তান সফরে করে এসেছে বাংলাদেশের মহিলা হ্যান্ডবল দল। এর আগে খেলে এসেছে ফুটবল দলও। সেসব নিয়ে এত আলাচনাও হয়নি। ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় ও স্পর্শকাতর খেলা বলেই উদ্বেগ-শঙ্কা-আলোচনা। সব খেলার মধ্যে সন্ত্রাসী হামলার শিকারও হয়েছিল ক্রিকেটই। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর ওই হামলার পর থেকেই বিদেশি ক্রিকেট দলগুলো পাকিস্তান সফর করছে না।