পাকিস্তানে যাবেন সালমারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বাংলাদেশ মহিলা দলের যাওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু লাহোরে যে আমন্ত্রণমূলক টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, সেটা শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি। সালমা খাতুনের দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময় এখন আগামী সেপ্টেম্বর।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মহিলা দলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বিসিবিকে দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। পূর্ণাঙ্গ সিরিজ মানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। জবাবে বিসিবি এখনো ‘হ্যাঁ’ বা ‘না’ কিছু না বললেও জিম্বাবুয়ে দলের পাকিস্তান সফর চলাকালে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা সিদ্ধান্ত নেওয়ায় প্রভাব ফেলবে বলেই মনে হচ্ছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়ও মিলল সে ইঙ্গিত। কাল ভারত সিরিজের জন্য জাতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে বিসিবি কার্যালয়ে দাঁড়িয়েই বললেন, ‘পাকিস্তান বোর্ড থেকে জানতে চেয়েছিল, মহিলা দল কখন যাবে। আমি বলেছি, এটা সম্পূর্ণ আমাদের মহিলা দলের ওপর নির্ভর করছে। ওরা একসময় বলেছিল, ওরা যেকোনো জায়গায় খেলতে যেতে চায়। এখন ওরা সেখানে (পাকিস্তানে) যেতে চায় না কি না, এটা প্রথমে জানতে হবে। যদি যেতে চায়, তখন আমরা দেখব বর্তমান পরিস্থিতিতে তাদের পাঠানো নিরাপদ কি না। যদি আমরা মনে করি নিরাপদ, তাহলেই পাকিস্তানে যাবে মহিলা দল।’
বোর্ড সভাপতির সঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে আরও অনেক কিছুই এল। তার মধ্যে উল্লেখযোগ্য মুশফিকুর রহিমের অধিনায়কত্ব প্রসঙ্গ। বিসিবি থেকে অবশ্য কখনোই বলা হয়নি, তাঁরা টেস্ট দলের অধিনায়ক নিয়ে চিন্তিত বা মুশফিককে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক করতে চায়। তারপরও সংবাদমাধ্যমে প্রসঙ্গটা এসেছে। কাল নাজমুল হাসান আরও একবার স্পষ্ট করলেন নিজেদের অবস্থান, ‘মুশফিককে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে একটা কথা উঠেছিল। কিন্তু আমরা বোর্ডে কখনোই এ ধরনের পরিবর্তনের কথা আলোচনা করিনি। যদি কখনো মুশফিক কোনো চাপ অনুভব করে, তাহলে তাঁকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’
তবে বিসিবি সভাপতি আভাস দিয়েছেন, চোটের কারণে আসন্ন সিরিজে উইকেটকিপারের ভূমিকায় না-ও দেখা যেতে পারে মুশফিককে, ‘আমি যত দূর জানি, ও উইকেটকিপিং করতে ইচ্ছুক। তবে যেহেতু তাঁর চোট পুরোপুরি সারেনি, এই সিরিজে এই ব্যাপারে একটু সন্দেহ আছে। হয়তো সে কিপিং না-ও করতে পারে।’