পাকিস্তানে যেতে ভয় সালমাদের
পাকিস্তান সফর নিয়ে সব সময়ই শঙ্কা কাজ করে। সম্প্রতি করাচিতে ওয়াসিম আকরামের গাড়িতে গুলিবর্ষণের পর সেটা আরও বেড়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের ওপর। আসন্ন পাকিস্তান সফর নিয়ে নতুন করে যেন একটা ভীতি ভর করেছে তাঁদের ওপর।
৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সফরে পাকিস্তান মহিলা দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের মেয়েদের। এই সিরিজ সামনে রেখে মিরপুরে কাল থেকে শুরু হয়েছে অনুশীলন। সালমা খাতুন, পান্না ঘোষদের শঙ্কাটা জানা গেল সেখানেই। ‘আমরা এখনো জানি না পাকিস্তানে যাচ্ছি কিনা। বিসিবি বললে তো যেতেই হবে। ওখানে যেতে সাধারণ মানুষেরই ভয় করে, আমাদের তো করবেই। আশা করি বিসিবি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেবে’—কাল মাঠে সাংবাদিকদের বলেছেন মেয়েদের অধিনায়ক সালমা।
আরেক ক্রিকেটার পান্না ঘোষ তো সরাসরিই বলে দিয়েছেন, ‘আমরা পাকিস্তানে যেতে আগ্রহী নই। শ্রীলঙ্কা দলের ওপর হামলা হয়েছে, ওয়াসিম আকরামের ওপর হামলা হয়েছে। তাদের সাবেক অধিনায়কই যেখানে নিরাপদ নন, আমরা তো অনেক দূরের ব্যাপার।’
মহিলা দল পাকিস্তানে যাওয়ার আগে অবশ্য এ মাসের মাঝামাঝি বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তান সফরের কথা আছে। তাদের প্রতিবেদনের ওপরই মহিলা দলের সফর নির্ভর করছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘এখনো দিন-তারিখ ঠিক না হলেও আমরা পাকিস্তানে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাব। তাদের প্রতিবেদন এবং সেখানে আমাদের দূতাবাসের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ ক্রিকেটারদের আশ্বস্ত করতে যোগ করেছেন, ‘আমরা খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটিকেই অগ্রাধিকার দেব।’
একটি সূত্রে জানা গেছে, কোনো খেলোয়াড় পাকিস্তান সফরে যেতে না চাইলে তাকে জোর করা হবে না, এমন একটা নীতি নিয়েছে বিসিবি। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি নাকচ করে দিয়েছেন, ‘সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি।’