পাকিস্তানে সমালোচনার মিছিল
ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টেও জয়হীন। পাকিস্তানজুড়ে চলছে আত্মসমালোচনার ঝড়। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ইউসুফ এবার যোগ দিলেন সেই মিছিলে। প্রতিভাবানদের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে আকরাম দুষছেন বোর্ডকে। ইউসুফের কাঠগড়ায় দলের রক্ষণাত্মক মানসিকতা।
খুলনা টেস্ট নিয়ে ইউসুফের বিশ্লেষণ এ রকম, ‘খুলনায় এতজন স্পিনার খেলানো নেতিবাচক ধারণাই ছিল।’ দলে থাকা নবাগত পেসার ইমরান খানকে ঢাকা টেস্টে সুযোগ দেওয়ার দাবি তাঁর, ‘আমাদের শক্তিশালী পেস আক্রমণ আছে। ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান ও ইমরানকে কাজে লাগানো উচিত ওয়াকারের।’
তবে কৃতিত্ব দিতে ভোলেননি বাংলাদেশকে, ‘প্রথম টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যেভাবে লড়েছে, তাতে এই ড্র ওদের কাছে জয়ের মতোই।’ আলাদা করে তামিমের প্রশংসা তাঁর কণ্ঠে, ‘ওর ইনিংসটা টেস্টে বাংলাদেশের সেরা ইনিংস।’
দ্বিতীয় টেস্টে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে, আশাবাদ ইউসুফের। দলকে টোটকাও দিলেন, ‘উইকেট মন্থর, কিন্তু ওদের ব্যাটসম্যানদের ভোগানোর মতো ক্ষমতা পাকিস্তানের পেসারদের আছে।’
ওয়াসিমের সমালোচনার ভাষা বেশ চাঁছাছোলা, ‘দল ভালো করতে না পারলে খেলোয়াড়দের বাদ দিয়ে দেওয়া হয়। উমর আকমল বা আহমেদ শেহজাদের মতো খেলোয়াড়দের কীভাবে বাদ দিয়ে দেওয়া হলো? পিসিবি ওদের জন্য ১০ বছর ধরে বিনিয়োগ করছে, ওরা তো এখনো তরুণ।’
কোচ ওয়াকার ইউনুসের সমালোচনা করতেও ছাড়েননি আকরাম, ‘এই খেলোয়াড়দের শৃঙ্খলার কারণে নাকি বাদ দেওয়া হচ্ছে। কোচের কাজই তো শৃঙ্খলা ধরে রাখা, খেলোয়াড়দের সামলানো। খেলোয়াড়দের বাদ দেওয়া নয়। পাকিস্তানের ক্রিকেট এ জন্যই ভুগছে।’ আইএএনএস।