পাকিস্তানে স্বপ্নপূরণের অপেক্ষায় খাজা
মার্চে উসমান খাজার কাছ থেকে ৩৭৫ রানের একটা ইনিংস দেখার আশা তাহলে করা যায়!
এমন কোনো বাক্য অবশ্যই ব্যাখ্যার দাবি রাখে। তার আগে প্রেক্ষাপটটা বলে নেওয়া ভালো। মার্চ-এপ্রিলে পাকিস্তান সফর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সে সফরের টেস্ট দলে ডাক পেয়েছেন উসমান খাজা।
পাকিস্তানি বংশোদ্ভূত এ টপ অর্ডার ব্যাটসম্যান অ্যাশেজের আগে দল থেকে একটু দূরেই ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ফিরেই জোড়া সেঞ্চুরির পর তাঁর পাকিস্তান সফরে জায়গা পাওয়া নিশ্চিত করে দিয়েছে। এখন শুধু এজাজ প্যাটেলের কীর্তির পাশে বসার অপেক্ষা।
গত ডিসেম্বরে ইতিহাসে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার। ৩৩ বছর বয়সে মাত্র ১১তম টেস্ট খেলতে নেমেছিলেন। আর সে টেস্টেই মাত্র তৃতীয় বোলার হিসেবে প্রতিপক্ষের এক ইনিংসের সব উইকেট পকেটে পুরেছেন।
এ কীর্তিকে আরও স্মরণীয় করে রাখছে ম্যাচের ভেন্যু। নিউজিল্যান্ডের হয়ে খেললেও এজাজের জন্ম যে মুম্বাইয়ে। ভারতীয় বংশোদ্ভূত এক ক্রিকেটার তাঁর জন্মস্থানে ফিরে ইতিহাসে জায়গা করে নিচ্ছেন—এমন চিত্রনাট্য নিয়ে কেউ নাটক বানালে তাকে ‘রদ্যি, সস্তা’ বলে উড়িয়ে দিতেন যে কেউ। কিন্তু বাস্তবতা যে নাটকের চেয়েও বেশি নাটকীয়।
উসমান খাজাও নিশ্চয় চাইবেন, তাঁকে ক্রিকেট ইতিহাস মনে রাখুন।
এর চেয়ে ভালো সুযোগ আর কখন পাবেন? ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আর তাতেই ৩৫ বছর বয়সে নিজের জন্মভূমিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা জেগেছে খাজার। অস্ট্রেলিয়া দলের বর্তমান ব্যাটিং লাইনআপ স্পিন বলে দুর্বলতা ও ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের যোগ্য সঙ্গীর অভাব—সবকিছু ইঙ্গিত দিচ্ছে, এই টেস্ট সিরিজে ইনিংসের শুরুটা করার দায়িত্ব পাচ্ছেন এই বাঁহাতি।
বাঁহাতি টপ অর্ডারের কথাই যখন এল, তখন ২৪ বছর আগের স্মৃতি খাজাকে আশা জাগাতেই পারে। সে সিরিজে টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে বাঁহাতিরাই যে রাজত্ব করেছেন। পাকিস্তানের সাঈদ আনোয়ার দুই টেস্টে দুই শতক পেয়েছেন। মাত্রই অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে যাওয়া জাস্টিন ল্যাঙ্গারও পেয়েছিলেন এক শতক। সাঈদ আনোয়ারের সঙ্গী আমির সোহেলও তিন অঙ্কে গিয়েছেন। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন মার্ক টেলর। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। আর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টেলর।
প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি তো খাজার জন্য জন্মস্থানই। ইসলামাবাদে জন্মেছেন, সেখান থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এক ঘণ্টার যাত্রা।
সিরিজে এক শতক ও দুটি অর্ধশতক ছিল টেলরের। এর মধ্যে পেশোয়ার টেস্টে তো একই সঙ্গে ইতিহাস ও অস্ট্রেলিয়ান সমর্থকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। ইনিংস উদ্বোধন করতে নেমে দলকে ৫৯৯ রান পর্যন্ত টেনেছেন অধিনায়ক। এমন অবস্থায় ইনিংস আর না টানার ঘোষণা দেন টেলর। পাকিস্তানকে ব্যাটিংয়ে নামিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা সৃষ্টি এর একটি কারণ। কিন্তু মূল কারণ তিনি নিজে।
রান তুলতে তুলতে ব্যাটসম্যানদের আরাধ্য স্বপ্নের দেখা পেয়ে গিয়েছিলেন। মাত্র চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে ত্রিশতক পেয়েছিলেন টেলর। ৩০৪ রানে থামার ইচ্ছা ছিল, পারেননি। নিজের রান ঠিক ৩৩৪ হওয়ার পর আর এগোতে চাননি। সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্টের সর্বোচ্চ ইনিংস যে ৩৩৪ রানের। সে ইনিংস টপকানোর কোনো ইচ্ছাই হয়নি টেলরের, বরং কিংবদন্তির পাশে থাকাকেই তিনি মনে করেছিলেন ভীষণ সম্মানের।
সে টেস্টের দ্বিতীয় ইনিংসেই অবশ্য ব্র্যাডম্যান যা করতে পারেননি, সে কীর্তি প্রায় করেই ফেলেছিলেন। মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ত্রিশতকের ম্যাচেই আরেকটি শতক পাওয়ার কীর্তিটা হাতের নাগালেই ছিল টেলরের। ৯২ রানে অস্ট্রেলিয়ান অধিনায়ক আউট হয়ে যান, গ্রাহাম গুচকে সঙ্গী (কুমার সাঙ্গাকারা, প্রতিপক্ষ বাংলাদেশ) পেতে অপেক্ষা করতে হয়েছে আরও ১৬ বছর।
পাকিস্তান এবার পেশোয়ারে কোনো টেস্ট রাখেনি। ফলে, টেলরের সে কীর্তিমাখা ভেন্যুতে নতুন কিছু দেখার সুযোগ নেই। কিন্তু প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি, আর সেটিই যে উসমান খাজার ‘এজাজ প্যাটেল’ হয়ে ওঠার সুযোগ। এজাজ নিজ জন্মস্থানে প্রথমবার খেলতে নেমে ইতিহাসে জায়গা করেছেন। রাওয়ালপিন্ডি তো খাজার জন্য তা–ই। ইসলামাবাদে জন্মেছেন, সেখান থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এক ঘণ্টার যাত্রা।
গত বছর থেকেই তো পাকিস্তান সফর নিয়ে স্বপ্নাতুর খাজা। অস্ট্রেলিয়া সফর করতে পারে—এ সম্ভাবনা জাগতেই বলেছেন, ‘আমি বরাবর উপমহাদেশ, ভারত, বাংলাদেশ এবং বিশেষ করে পাকিস্তান, যেখানে জন্মেছি, সেখান থেকে দারুণ সমর্থন পেয়েছি। ওরা অসাধারণ, আমি যখন পিএসএল খেলতে গিয়েছি, তখনো দেখেছি। সেখানে গিয়ে খেলতে পারলে খুব ভালো লাগবে।’
এই সফর যেন হয়, সেটা নিশ্চিত করতে বেশ চেষ্টা করেছেন। গত বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানে সিরিজ বাতিল করায় কড়া সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ান সতীর্থরা যেন নিরাপত্তার অভাব বোধ না করেন, সেটা নিশ্চিত করেছেন নিজে, ‘আমি ওদের সঙ্গে কথা বলেছি। বলেছি, ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন এবং স্টিভ স্মিথ, তোমাদের ওরা কখনো খেলতে দেখেনি চোখের সামনে। তোমাদের দেখে নতুন প্রজন্মের ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে।’
খাজার চেষ্টা সফল হয়েছে, অস্ট্রেলিয়ার সেরা তারকারাই পাকিস্তান সফরে যাচ্ছেন। আর মার্ক টেলরের মতো সাবেক ক্রিকেটাররাই বলছেন, এই সফরে খাজার ইনিংস উদ্বোধন করা উচিত। সে ক্ষেত্রে রাওয়ালপিন্ডিতে, নিজের জন্মস্থানের পাশেই পাকিস্তানে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। আর সে ক্ষেত্রে ৩৭৫ রানের একটা ইনিংসের আশা তো করাই যায়!
৩৭৫ রানই কেন?
টেস্টে একজন বোলারের ১০ উইকেট প্রাপ্তির সঙ্গে তুলনা করতে গেলে ব্যাটসম্যানকে কত রান করতে হবে, সেটার কোনো মাপকাঠি পাওয়া কঠিন। একজন ব্যাটসম্যান আর যা–ই হোক, দলের সব রান করবেন, এটা আশা করা বাড়াবাড়ি; অন্তত কুলীন দেশগুলো যখন মুখোমুখি হয় তখন। তাই ১০ উইকেট বা ৫ উইকেট প্রাপ্তির সঙ্গে তুলনা করতে গেলে একজন ব্যাটসম্যানের রান কত হওয়া দরকার, এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।
বহুদিন ধরেই টেস্টে এক ইনিংসে বোলারের ৫ উইকেট প্রাপ্তির সঙ্গে ব্যাটসম্যানে শতক পাওয়ার তুলনা করা হয়। তবে ক্রিকেট পরিসংখ্যানের জন্য নির্ভরযোগ্য মুখ রিক ফিনলে টেস্ট ক্রিকেট বোলিং ও ব্যাটিংয়ের মাইলফলক স্পর্শ করার পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে একটা মানদণ্ড সাজিয়েছেন। আর সেটা জানাচ্ছে ৫ উইকেট প্রাপ্তির সঙ্গে শতক নয়, ১১০ রান তুলনীয়। এভাবে ১৫০, ২০০ ও ২৫০ রানের সঙ্গে ৬, ৭ ও ৮ উইকেট প্রাপ্তির তুলনা হবে। কোনো বোলার ৯ উইকেট পেলে সেটা হবে একজন ব্যাটসম্যানের ৩১৭ রান করার সমান।
আর কোনো বোলারের ১০ উইকেট প্রাপ্তির সঙ্গে তুলনা হতে পারে কোনো ব্যাটসম্যানের ৩৭৫ রান করা, যে কাজ তিনবারই দেখা গেছে। ব্রায়ান লারা করেছেন দুবার (৩৭৫ ও ৪০০*), অপর কীর্তি ম্যাথু হেইডেনের (৩৮০)।
খাজা কি পারবেন?