পাকিস্তানেও খেলতে রাজি ভারত, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যার বিয়ে তাঁর খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই’—ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে এমনই দাঁড়িয়েছে অবস্থা। ক্রিকেট বিশ্ব যেখানে দ্বিপাক্ষিক এই সিরিজ হওয়ার অপেক্ষায়, সেখানে ভারতের আচরণ দেখলে মনে হচ্ছে সিরিজ না হলেই বাঁচে তারা! বিসিসিআই কর্মকর্তা রাজীব শুক্লা তো আজ সিরিজ নিয়ে হালকা একটা খোঁচাই দিয়ে বসলেন পাকিস্তান বোর্ডকে। ‘হোম’ সিরিজ খেলতে চাইলে পিসিবিকে নিরাপদ ভেন্যু বানানোর পরামর্শ দিলেন শুক্লা। 

নিরাপত্তা ঝুঁকিতে প্রায় ছয় বছর নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। এ বছরের জিম্বাবুয়ে সিরিজটি বাদে বাকি সব হোম সিরিজ তাদের খেলতে হয়েছে অন্য দেশে। আপাতত সংযুক্ত আরব আমিরাতকেই ঘাঁটি বানিয়ে নিজেদের সিরিজগুলো আপাতত সেখানেই খেলছে পাকিস্তান। বহুল আলোচিত ভারত-পাকিস্তান সিরিজটিও সেখানেই আয়োজনের ইচ্ছে ছিল তাদের। কিন্তু ভারতীয় সরকারের আবার মরুর বুকে ক্রিকেট খেলার প্রস্তাবটি মনঃপূত হয়নি। ভারত নিজেদের মাটিতেই পাকিস্তানকে ‘স্বাগতিক’ বানিয়ে সিরিজ খেলতে চেয়েছিল। কিন্তু নিজেদের অহংবোধ জেগে ওঠায় সে প্রস্তাবে সম্মত হয়নি পাকিস্তান। এমন দোটানায় পড়ে সিরিজটি হওয়ার আশাও ক্রমশ তাই মিলিয়ে যাচ্ছে।
আইপিএল চেয়ারম্যান পাকিস্তানকে নিজেদের মাটিতেই সিরিজ আয়োজনের আহ্বান জানিয়েছেন। আরব আমিরাতের মতো অন্য দেশে সিরিজ আয়োজন করলে যে আখেরে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি সেই দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘পাকিস্তান যদি সংযুক্ত আরব আমিরাতে খেলা চালিয়ে যায় তবে নিজেদেরই ক্ষতি করবে। তারা চাইলে লাহোরকে নিরাপদ একটি ভেন্যুতে পরিণত করতে পারে। তারা যদি স্টেডিয়ামের পাশে একটি হোটেল বানায় এবং পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করে তবে যেকোনো দলই সেখানে খেলতে রাজি হবে।’
এমনকি ভারতও নাকি লাহোরে খেলতে রাজি, যদি আইসিসি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারে। কিন্তু ভারত দুবাই কিংবা শারজায় খেলতে রাজি হচ্ছে না কেন, যেখানে ইংল্যান্ড দলই নিশ্চিন্তে সিরিজ খেলছে, এমন প্রশ্নের উত্তরে শুক্লা সোজা বলে দিলেন, ‘এটা আমাদের নীতি। অন্য দলগুলো কী করল তা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, সেটি তাদের নীতি।’
কিন্তু গত বছর পাকিস্তানের সঙ্গে যখন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে চুক্তি হচ্ছিল তখন তো এটা জানাই ছিল, পাকিস্তান তাদের সিরিজ খেলবে শারজা কিংবা দুবাইয়ে। তাহলে এক বছর পরেই আবার কী এমন ঘটল যে এখন সেখানে সিরিজ খেলতে আপত্তি তুলছে বিসিসিআই! এমন প্রশ্নে একটু অপ্রস্তুতই লাগল শুক্লাকে। ভারতীয় বোর্ডের শীর্ষস্থানে আসা পরিবর্তনের দিকে ইঙ্গিত করে বললেন, ‘আমাদের বর্তমান সভাপতি চান সিরিজটি হোক। কিন্তু সিরিজটি নিজ নিজ দেশেই আয়োজনের পক্ষে তিনি।’ সূত্র: পিটিআই