পাকিস্তানের অপেক্ষার মধুর সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য কিছু হলে সেটাই বরং অঘটন হতো। দুই দলের শক্তির যে ফারাক, তাতে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের জয়টাই অনুমিত ছিল। তবু শহীদ আফ্রিদিদের কাছে এ জয়ের মাহাত্ম্য অন্য রকম। পরশু গাদ্দাফি স্টেডিয়ামে ওই টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই যে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। শেষ হলো আফ্রিদিদের এত দিনের অপেক্ষা। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে হলো সেই অপেক্ষার মধুর সমাপ্তি।
দ্বিতীয় দফায় পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে বিদেশের মাঠে অনেক স্মরণীয় জয়ও আছে পাকিস্তানের। কিন্তু তারপরও ওয়াকার ইউনিসের কাছে পরশু জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা আলাদা। পাকিস্তানের কোচ হিসেবে দেশের মাটিতে যে এটাই তাঁর প্রথম ম্যাচ। ম্যাচ শেষে ওয়াকারের চোখেমুখেও সেই আবেগ, ‘দেশের মাটিতে সমর্থকদের সামনে খেলার অনুভূতিটাই অন্য রকম। জয়টা সে কারণে আরও বেশি মধুর।’
নিরাপত্তার বাড়াবাড়ির মধ্যেও গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারি যেভাবে স্বাগত জানিয়েছে তাদের দলকে তাতে অভিভূত ওয়াকার, ‘লাহোর যেভাবে আমাদের জন্য গর্জন করেছে তা অসাধারণ। আমরা আমাদের দেশ ও দেশের মানুষের জন্য গর্বিত। যেভাবে তারা আমাদের স্বাগত জানিয়েছে আজ, আবেগ নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল আমাদের জন্য।’
একই অনুভূতি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদিরও। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ বিশ্ব ক্রিকেটকে একটা ইতিবাচক বার্তা দেবে বলেও মনে করেন আফ্রিদি, ‘এ ম্যাচের মাধ্যমে আমরা বিশ্বকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে আমরা ক্রিকেট ভালোবাসি এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চাই। আমাদের স্টেডিয়ামগুলো এখন থেকে আর বিয়ের অনুষ্ঠান নয়, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে।’
আবারও উপচে পড়া লাহোরের গ্যালারি দেখে উচ্ছ্বসিত পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনটা স্মরণীয় হয়ে থাকল। পাকিস্তানের সবাইকে অভিনন্দন।’ এএফপি।