পাকিস্তানের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে যাবে কি যাবে না, তা নিয়ে চাপান-উতোর অনেক দিন ধরেই। এ ঘটনাপ্রবাহে নতুন আরেক খণ্ড নাটক মঞ্চায়িত হলো কাল।
ভারতের কিছু সংবাদমাধ্যম জানাল, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে উড়াল দেওয়ার সবুজসংকেত পেয়েছে পাকিস্তান দল। আজই রওনা দিতে পারে তারা। লাহোর থেকে দিল্লি, এরপর কলকাতায় পৌঁছাবে শহীদ আফ্রিদির দল।
কিন্তু পাকিস্তান সঙ্গে সঙ্গে জানিয়েছে, মোটেও সত্যতা নেই এ খবরের। বিষয়টি অস্বীকার করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, ‘ঠিক এ মুহূর্তে অনুমতি দেওয়ার মতো অবস্থায় আমরা নেই। খেলার সময় আমাদের খেলোয়াড়েরা যাতে কোনো চাপে না পড়ে, সেটি দেখা আমাদের দায়িত্ব। যতক্ষণ না নিরাপত্তা নিয়ে ভারত সরকার লিখিত নিশ্চয়তা দিচ্ছে, দলকে আমরা ভারতে যাওয়ার অনুমতি দেব না।’
এরই মধ্যে ধর্মশালা থেকে ভারত-পাকিস্তানের ১৯ মার্চের ম্যাচটি সরিয়ে আনা হয়েছে কলকাতায়। খেলাটি ইডেনে হচ্ছে বলে ভীষণ খুশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলী। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচটা হবে তো? এনডিটিভি।