পাকিস্তানের আশ্বাস
২০০৯ সালে লাহোরের শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পরই বন্ধ হয়ে যায় পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট। সেই শ্রীলঙ্কাকেই কিনা আবার পাকিস্তান সফরের আমন্ত্রণ! নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কাকে এমন একটা অনুরোধ করেছেন পাকিস্তানের আন্তপ্রাদেশিক সমন্বয় মন্ত্রী মিয়ান রিয়াজ হুসাইন পীরজাদা। অবশ্য অনুরোধ করার আগে শ্রীলঙ্কাকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী, ‘লাহোরের সেই দুর্ভাগ্যজনক ঘটনার পরও শ্রীলঙ্কা কখনো পাকিস্তানকে ফিরিয়ে দেয়নি। ক্রিকেট, টেবিল টেনিস, ফুটবল কিংবা অন্য যেকোনো খেলার ব্যাপারে আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে।’ এবারও পাকিস্তানের অনুরোধে সাড়া দিয়ে সেখানে যেতে রাজি হলে শ্রীলঙ্কাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মিয়ান রিয়াজ হুসাইন, ‘লাহোর-কাণ্ড যাতে আবারও না হয় সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব।’ ডেইলি মিরর।