
পাকিস্তান যে আবুধাবি টেস্টটা জিততে যাচ্ছে, এটা জানাই ছিল। সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র করতে হলেও কাল অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয় দল সেটা করতে পারেনি। ১৩৩ রানের এই জয়ে সিরিজও জিতে নিল মিসবাহ-উল-হকের দল। তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
দলীয় এই অর্জনের দিনে ব্যক্তিগত এক রেকর্ড গড়েছেন মিসবাহ। প্রথম এশীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি, ১০টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড এখন তাঁর। মিসবাহর কাজটি সহজ করে দিয়েছেন ইয়াসির শাহ। ক্যারিয়ারে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সব প্রতিরোধ ভেঙে দিয়েছেন এই লেগ স্পিনার। আবুধাবির মরা পিচে কাজটা যে কতটা কঠিন, ম্যাচ শেষে সেটি জানালেন মিসবাহ, ‘কাজটা (ম্যাচ জেতা) সহজ ছিল না। এমন উইকেটে ২০ উইকেট পাওয়া সব সময়ই কঠিন। আমরা যা আশা করেছি, বোলাররা তা পূরণ করেছে। তারা অনেক কষ্ট করেছে, বিশেষ করে ইয়াসির। ফাস্ট বোলাররাও অবদান রেখেছে।’
মূল কাজটি করেছেন ইয়াসিরই। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পেলেন ম্যাচে ১০ উইকেট। দিনের প্রথম সেশনেই ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন ইয়াসির। শুরুটা করলেন দিনের দশম ওভারে, রোস্টন চেজকে আউট করে। তারপরও ষষ্ঠ উইকেটে খানিকটা প্রতিরোধ গড়েছিলেন জার্মেইন ব্ল্যাকউড ও শাই হোপ।
এ দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এল ৫৭ রান। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা যখন প্রায় হাতের নাগালে, তখনই আউট ব্ল্যাকউড। তিনিও ইয়াসিরের শিকার। মধ্যাহ্নবিরতির আগে পঞ্চম উইকেটটিও পেয়ে গেলেন ইয়াসির। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে আউট করেছেন এলবিডব্লুর ফাঁদে।
বিরতির পর মিগুয়েল কামিন্সকে আউট করে ইয়াসির ম্যাচে নিজের ১০ম উইকেটটি পেয়েছেন। তার আগে-পরে দুই উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজের লেজ মুড়ে দিয়েছেন জুলফিকার বাবর। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৩২২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৩০ অক্টোবর, শারজায়। টেন ক্রিকেট।