শারজা স্টেডিয়ামে সন্ধ্যা নেমেছে আরও আগে। শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার দেখে ততক্ষণে নিভে গেছে ফ্লাড লাইটগুলোও। আবছা আলোর মধ্যেই গেটের সামনে দুই উৎসুক তরুণের আগমন চোখে পড়ল। স্টেডিয়ামের ভেতর উঁকিঝুঁকি দিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষারত বাংলাদেশের সাংবাদিকদের কাছে তাঁদের একজন উর্দু টানে জানতে চাইলেন, ‘খেলা কি শেষ?’
যে খেলার কথা তিনি বলছিলেন, সেটি আসলে বাংলাদেশ–শ্রীলঙ্কার নয়, ভারত–পাকিস্তানের। যখন জানলেন ম্যাচটি শারজায় হচ্ছে না, হচ্ছে শারজা থেকে গাড়িতে অন্তত ঘণ্টা দেড়েক দূরত্বের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, কিছুটা হতাশ হয়ে ফিরে গেলেন তাঁরা।
এই দুই তরুণ তো তবু ভুলে শারজা স্টেডিয়ামে চলে গিয়ে ম্যাচটা মিস করলেন, পরশু যেসব পাকিস্তানি ঠিকঠাক খবর নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম অবধিও গেছেন, তাঁদের মধ্যেও একটা বড় অংশকে ফিরতে হয়েছে খেলা না দেখে।
করোনার বিধিনিষেধের মধ্যেই ভারত–পাকিস্তান ম্যাচে প্রায় কানায় কানায় ভরে উঠেছিল গ্যালারি। কিন্তু তাতেও যেন একটু অপূর্ণতা। মধ্যপ্রাচ্যে উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রতীক যে হতে পারেনি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি! পাকিস্তানের দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তাঁদের অনেকেই পরে অভিযোগ করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নাকি কোনো একটা ফন্দি করে ভারত–পাকিস্তান ম্যাচের বেশির ভাগ টিকিট ভারতীয়দের দিয়ে দিয়েছে। পাকিস্তানের সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে না পারার সেটাই অন্যতম কারণ।
তাতেও অবশ্য তাঁদের উৎসাহে এতটুকু ঘাটতি ছিল না। স্টেডিয়ামের বাইরে থেকেই স্লোগানে–হর্ষধ্বনিতে বাবর আজমের দলের পাশে ছিলেন সমর্থকেরা। প্রতিদানে মাঠ থেকে বাবর আজমরাও তাঁদের জন্য পাঠালেন দারুণ এক ‘ভেট’! বিরাট কোহলিদের ১০ উইকেটে হারিয়ে এনে দিলেন মহা উৎসবের দারুণ উপলক্ষ।
পাকিস্তানের মানুষের জন্য এই জয় এমনই অনির্বচনীয় আনন্দের যে আলো ঝলমলে দুবাইয়ের রোশনাই আরও বাড়িয়ে উৎসব পেরিয়ে যায় গভীর রাতের সীমানা। খেলা শেষ হওয়ার অনেক সময় পর পর্যন্ত নেচে–গেয়ে বিজয় উদ্যাপন করেছেন আমিরাতপ্রবাসী পাকিস্তানিরা। পার্শ্বপ্রতিক্রিয়া—স্টেডিয়ামের আশপাশের সড়কে তীব্র যানজট। ঘরমুখী মানুষের যানবাহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। বিরক্তিকর সেই অপেক্ষা ভারতীয় সমর্থকদের ক্ষোভ–হতাশাকে দ্বিগুণ করে থাকবে, কিন্তু প্রবাসজীবনে এমন অভাবনীয় আনন্দের উপলক্ষ খুঁজে পেয়ে পাকিস্তানিরা অপেক্ষাটাকেও মুখরিত করে তুলেছিলেন বিজয়ের কলতানে।
কিন্তু কোহলির দলের এমন বিপর্যয়ের কারণ কী? আইপিএলের সুবাদে দুবাইয়ের মাঠটা তো তাদেরই বেশি চেনা! প্রায় বাড়ির উঠানের মতো হয়ে ওঠা এ মাঠে যেকোনো দলের বিপক্ষেই কোহলি–রোহিতদের ১০ উইকেটের হার মেনে নেওয়া কঠিন ভারতীয়দের জন্য। হারের কারণ ব্যাখ্যা করে দল থেকে যেসব বলা হচ্ছে, সে জন্যই সেসব ঠিক গ্রহণযোগ্য মনে হচ্ছে না ভারতীয় সংবাদমাধ্যমের কাছে।
পরশুর ম্যাচ নিয়ে কথা হচ্ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে আসা ভারতীয় সাংবাদিক সন্দ্বীপন ব্যানার্জির সঙ্গে। তিনি তো স্পষ্টই বলে দিলেন, ‘এ রকম হার একদমই অপ্রত্যাশিত।’ কথাটায় আরও জোর দিতে পরে যোগ করলেন, ‘বলা হচ্ছে পরের অর্ধে শিশির ছিল, যে কারণে টসটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিন্তু এই কন্ডিশনেই তো ভারতের ক্রিকেটাররা কিছুদিন আগে আইপিএল খেলেছেন এবং সেখানে অনেক ম্যাচে কম স্কোর করেও দলগুলো জিতেছে। তখনো তো শিশির ছিল!’
পাকিস্তানের বোলারদের সামনে ভারত ১৫১ রানে ইনিংস শেষ করার পরই আলোচনায় চলে আসে শিশির–তত্ত্ব। ভারতীয়দের তবু আশা ছিল, পরের অর্ধে ভেজা বলে বোলিং করতে হলেও আইপিএল–অভিজ্ঞতা থেকে কোহলিদের নিশ্চয়ই বিকল্প পরিকল্পনা থাকবে। কিন্তু সন্দ্বীপন বলছেন, ‘আমরা সে রকম কোনো পরিকল্পনাই লক্ষ করলাম না! ভারত পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলেও হার্দিক পান্ডিয়া বোলিং করার মতো ফিট ছিলেন না। তাঁর একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠছে।’
পাকিস্তানের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা ভারতের জন্য হয়ে দাঁড়িয়েছে জীবন–মরণ বাজি। সে ম্যাচেও হারলে ভারতের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই রুদ্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে আবুধাবিতে ৩১ অক্টোবরের ম্যাচটির আগে হাতে যথেষ্ট সময় আছে। কোহলির দল তার আগেই নিজেদের পুনর্গঠিত করবে, এমন আশায় মনটাকে শক্ত রাখছেন ভারতীয় সমর্থকেরা।
আশায় জ্বালানি দিচ্ছে সাম্প্রতিক কিছু দ্বিপক্ষীয় সিরিজে বাজে শুরুর পরও ভারতের ঘুরে দাঁড়ানোর উদাহরণ। গত ডিসেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে হারলেও পরে ঠিকই সিরিজ জিতে ফিরেছে ভারত। এরপর এ বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও শুরুটা ছিল হার দিয়ে। এরপরও তো সিরিজ জিতল ভারতই! প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের ধাক্কা সামলে এখন টি–টোয়েন্টি বিশ্বকাপেও সেই জেগে ওঠা ভারতকেই দেখার আশা সমর্থকদের।
সেটি না হলে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে হারিয়ে যেতে পারে প্রাণের স্পন্দনটাই। ভারত ছাড়া বিশ্বকাপ আর বুর্জ খলিফাবিহীন দুবাই যে একই কথা! সংযুক্ত আরব আমিরাতের দৈনিক খালিজ টাইমস অবশ্য ভারতের হারের রাতেও জয় দেখেছে দুবাইয়ের।
ভারত যেদিন হারল, সেই রোববারই আমিরাতে টানা তৃতীয় দিনের মতো ১০০–এর কম করোনা রোগী শনাক্ত হয়েছে। এবং সেদিনই স্টেডিয়ামমুখী জনস্রোত, ভারতকে হারিয়ে গভীর রাত পর্যন্ত পাকিস্তানিদের উৎসব খালিজ টাইমসকে আশাবাদী করছে—মহামারিকাল শেষ হয়ে হয়তো ‘পুরোনো স্বাভাবিকে’ ফিরে যাচ্ছে পৃথিবী।