পাকিস্তানের এমন হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই যেভাবে ছুটে আসছে, মনে হতেই পারে অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন বার্ড! সহজ এক ক্যাচই ধরেছেন, কিন্তু তাতেই নিশ্চিত হয়েছে নাটকীয় এক জয়। অস্ট্রেলীয়দের উল্লাসে তারই অনুবাদ! l এএফপি
সবাই যেভাবে ছুটে আসছে, মনে হতেই পারে অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন বার্ড! সহজ এক ক্যাচই ধরেছেন, কিন্তু তাতেই নিশ্চিত হয়েছে নাটকীয় এক জয়। অস্ট্রেলীয়দের উল্লাসে তারই অনুবাদ! l এএফপি

‘ভালো একটা দিন গেল।’
ভালো! স্টিভ স্মিথের চোখে মেলবোর্নের এ জয়ও যদি শুধু ‘ভালো’ বিশেষণের যোগ্য হয়, তবে ‘দুর্দান্ত’, ‘অবিশ্বাস্য’ বিশেষণগুলোর দেখা হয়তো কোনো দিনই মিলবে না। বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে কাল ইনিংস ও ১৮ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি ম্যাচের প্রায় দেড় দিন খেয়ে নেওয়ার পর এ জয় তো অভাবনীয়!
ব্রিসবেনে ‘জয় অসম্ভব’ মনে হওয়া ম্যাচও প্রায় জিতে যাচ্ছিল পাকিস্তান, আর মেলবোর্নে হারা অসম্ভব এমন ম্যাচ উল্টো হেরে বসল পাকিস্তান। দুটিই প্রায় বিরল ঘটনা, পাকিস্তানের পক্ষেই সম্ভব এসব করে দেখানো। সেটা কাল আবারও প্রমাণ করল মিসবাহ-উল-হকের দল।
ম্যাচসেরা অস্ট্রেলীয় অধিনায়ক স্মিথ। তবে এ পুরস্কার যদি ডেভিড ওয়ার্নারকেও দেওয়া হতো, তাতে কারও আপত্তি থাকত না। আড়াই দিন শেষেই যে মেলবোর্ন টেস্ট মরে গেছে বলে মনে হচ্ছিল, সে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছেন তো অস্ট্রেলীয় ওপেনার। ঝোড়ো এক সেঞ্চুরিতে যে শুরু দিয়েছেন, সেটা কাজে লাগিয়েছেন স্মিথ। চতুর্থ দিনে বৃষ্টি হামলা চালালেও আশা ছাড়েনি অস্ট্রেলিয়া, ছাড়তে দেননি মিচেল স্টার্ক। এই ফাস্ট বোলারের মেলবোর্ন-রেকর্ড সাত ছক্কার ইনিংসের পাশে সেঞ্চুরিয়ান স্মিথ ছিলেন সহকারীর ভূমিকায়!
এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮১ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবু এ ম্যাচের কপালে ড্র-ই দেখছিল সবাই। পঞ্চম দিনেও উইকেট ব্যাটিং স্বর্গ। পাকিস্তানের দুই লেগ স্পিনারকে স্টার্কের মারা সাত ছক্কাতেই সেটা বোঝা গিয়েছিল। মধ্যাহ্নবিরতির আগে পাকিস্তানের ১ উইকেট পড়ে যাওয়ার পরও ম্যাচের ফল নিয়ে তাই প্রশ্ন ছিল না। কিন্তু বিরতির পর প্রথম বলটাই কাঁপিয়ে দেয় পাকিস্তানকে। স্টার্কের গতি সামলাতে না পেরে বাবর আজম এলবিডব্লু। পাকিস্তানের মিডল অর্ডার শেষ হয় নাথান লায়নের কাছে। গ্যালারি থেকে বারবার ভেসে আসছিল ‘নাইস গ্যারি’ চিৎকার, অনুপ্রাণিত লায়নও দেন প্রতিদান। ইউনিস খান, মিসবাহ-উল-হক, আসাদ শফিক—পাকিস্তানের ভরসার তিন নামই শিকার এই অফ স্পিনারের।
সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির ইঙ্গিত দিয়েছিলেন একটু প্রতিরোধের। কিন্তু জ্যাকসন বার্ড আমিরকে বোল্ড করার পর অস্ট্রেলিয়াকে আর চিন্তা করতে হয়নি। গতি ও কৌণিক সুবিধা কাজে লাগিয়ে টানা তিন ওভারে পাকিস্তানের লেজ ছেঁটে দিয়েছেন স্টার্ক। দিনের শুরুর ব্যাটিং ঝড়ের শেষটা টানলেন ম্যাচ জেতানো বোলিংয়ে। স্টার্কের চোখেও তাই এটি, ‘বক্সিং ডে টেস্টের সবচেয়ে চমৎকার সমাপ্তি!’ এএফপি, রয়টার্স।