পাকিস্তানের ওপর দিয়ে দুটো 'ঝড়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো স্পিন সৈনিক ভেট্টোরির কাছ থেকে নতুন সৈনিক ক্রেগ পেলেন অভিনন্দন। ছবি: এএফপি।
পুরোনো স্পিন সৈনিক ভেট্টোরির কাছ থেকে নতুন সৈনিক ক্রেগ পেলেন অভিনন্দন। ছবি: এএফপি।

মরু ঝড়টাই এমন। কোনো পূর্বাভাস ছাড়াই আসে। অনাহূত অতিথির মতো। শারজায় আজ এমনই দুটো ঝড়ের ধাক্কায় টালমাটাল হলো পাকিস্তান। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকলেও ম্যাচের লাগাম ভালোভাবেই নিউজিল্যান্ডের মুঠোয়। ১ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। পাকিস্তানের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় দুটোর একটির নাম ক্রেগ-ঝড়। অন্যটির নাম ম্যাককালাম-টর্নেডো।
৩ উইকেটে ২৮১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। মাঝখানে ফিলিপ হিউজের শোকে এক দিন খেলা পেছানো হলো। এই এক দিনের হাতে ৭ উইকেট নিয়ে দিন শুরু করা পাকিস্তান লাঞ্চের আগেই অলআউট! মাত্র ৬৬ রানে নেই শেষ ৭ উইকেট! ভালো শুরুর পরও তাই পাকিস্তানকে থমকে যেতে হলো ৩৫১ রানে। ডাবল সেঞ্চুরির দুঃখ ভুলতে ব্যাট হাতে নামা মোহাম্মদ হাফিজের দুঃখ আরও বাড়ল। এবার আউট হয়েছেন ১৯৭ রানে। হাফিজ আগের দুই ইনিংস মিলিয়েও ঠিক করেছিলেন ১৯৭।
স্পিনারদের নামের সঙ্গে যদিও ‘ঝড়’ ব্যাপারটি ঠিক মানায় না। সেটা ফাস্ট বোলারদেরই সম্পত্তি। কিন্তু মাত্র ষষ্ঠ টেস্ট খেলতে নামা মার্ক ক্রেগ যেন আজ মায়াবী ঘূর্ণিঝড়ই তুলে দেখালেন শারজার মরুতে। একাই সাত উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। আজকের সাত উইকেটর পাঁচটিই তাঁর। এটা ঝড় নয়তো কী?
পাকিস্তানের তাতেও নিস্তার মেলেনি। গরম কড়াই থেকে জ্বলন্ত উনুনে গিয়ে পড়েছে তারা। এরপর পাকিস্তানের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি করেছেন। কখনো টি-টোয়েন্টি, কখনো ওয়ানডের মেজাজে ব্যাটিং করছিলেন। শেষের দিকে অবশ্য নিজের মেজাজ ধরে রেখেছিলেন। তাতেই ১৪৫ বলে ১৫৩ রানে অপরাজিত। এরই মধ্যে মেরেছেন ১৭টি চার ও আট ছক্কা।
পাকিস্তানের জন্য অস্বস্তির ব্যাপার হলো ম্যাককালাম ঝড়টা আবারও ফুঁসে উঠতে পারে যেকোনো সময়েই। দেখা যাক, তৃতীয় দিনে কী হয়!