পাকিস্তানের কোচ স্টুয়ার্ট ল!
দৌড়ের শুরুতে এগিয়ে ছিলেন ডিন জোন্স ও টম মুডি। কিন্তু শেষ দিকে এসে দেখা যাচ্ছে এই দুজনকে পেছনে ফেলে ফিনিশ লাইন ছুঁয়ে ফেলছেন তাঁদেরই স্বদেশি স্টুয়ার্ট ল! পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, মিসবাহ-আজহারদের পরবর্তী কোচ হিসেবে এই অস্ট্রেলীয়কেই পছন্দ হয়েছে পিসিবির।
পরশু লাহোরে পিসিবির সভা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালকই পরবর্তী কোচ-সম্পর্কিত সংবাদটি জানিয়েছেন। নিকট অতীতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করা ল-কেই মনে ধরেছে পিসিবির। তবে আগামী জুলাই-আগস্টের শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার কথা ল-র। সে দায়বদ্ধতা থেকে সরে এসে পাকিস্তান দলের দায়িত্ব ল নিতে পারবেন কি না তা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এ কারণে দ্বিতীয় পছন্দ হিসেবে ইংল্যান্ডের অ্যান্ডি মোলসকে না করে দেয়নি পিসিবি। ডিএনএ ইন্ডিয়া।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান কোচ নির্বাচন হয়ে গেছে স্বীকার করলেও নাম জানাতে রাজি হননি, ‘চুক্তি স্বাক্ষরের আগে আমরা কোনো ঘোষণা দিতে চাই না। প্রার্থীর সঙ্গে এখনো আলোচনা চলছে।’
চুক্তি স্বাক্ষরিত হলে রিচার্ড পাইবাস, বব উলমার, জিওফ লসন, ডেভ হোয়াটমোরের পর আরেকজন বিদেশি কোচ পাবে পাকিস্তান।